প্রকাশিত: ০৬ মার্চ, ২০২৬ ০১:৫৬ (শনিবার)
বিএনপির দলীয় এমপিদের প্রশিক্ষণ শুরু,উপস্থিত প্রধানমন্ত্রী

বিএনপি চেয়ারম্যান ও সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান।

 

বার্তা সিলেট ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদে বিজয়ী বিএনপির দলীয় সদস্যদের দুইদিন ব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় গুলশান চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এই কর্মশালার উদ্বোধন করেন বিএনপি চেয়ারম্যান ও সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান। সংসদ সদস্যদের রুদ্ধদ্বার এই কর্মশালায় উদ্বোধনী পর্বে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর,স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান,আমীর খসরু মাহমুদ চৌধুরী,হাফিজ উদ্দিন আহমেদ,ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

স্বাগত বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কর্মশালায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানও উপস্থিত রয়েছেন। বিএনপি নেতারা জানান,কর্মশালায় সংসদের কার্যপ্রণালী,আচরণ বিধি,বিল প্রণয়ন ও পর্যালোচনা,বাজেট সংক্রান্ত নথি বিশ্লেষণ,  সংসদীয় কমিটিগুলোর কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় বিধি-বিধানগুলো নতুন নির্বাচিত সংসদ সদস্যদের সামনে উপস্থাপন করা হবে। অভিজ্ঞ সাংসদরা তাদের অভিজ্ঞতা নতুন সাংসদদের কাছে তুলে ধরবেন। সরকার এবং সরকারি দলের দক্ষতা বাড়ানোই এই কর্মশালার উদ্দেশ্যে। আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসবে সকাল ১১টায়।

গত ২৩ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এই অধিবেশন আহ্বান করেন। এই অধিবেশনকে সামনে রেখে বিএনপি তার সংসদ সদস্যদের প্রস্তুত করতেই এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে। সংসদ বিশেষজ্ঞ,শিক্ষাবিদ ও প্রবীন সাংসদরা এই প্রশিক্ষণ কর্মশালায় সংসদ কার্যকর করতে সাংসদ ও মন্ত্রিসভার সদস্যদের দায়িত্ব এবং ভূমিকা কী হবে তা তুলে ধরবেন। কর্মশালার প্রথম দিনে সকালের পর্বে মন্ত্রী,প্রতিমন্ত্রী,উপদেষ্টাগণ,বিকালের পর্বে রাজশাহী,রংপুর,ঢাকা ও ফরিদপুর বিভাগের একাংশ এবং পরদিন শনিবার সকালের পর্বে ঢাকা,ময়মনসিংহ,ফরিদপুর ও ঢাকা বিভাগের বাকি সাংসদরা এবং বিকালের পর্বে সিলেট,কুমিল্লা ও চট্টগ্রাম বিভাগের সাংসদরা অংশ নেবেন।