প্রকাশিত: ২০ মার্চ, ২০২৬ ০৬:৩২ (শনিবার)
ঈদুল ফিতরে সারাদেশে র‌্যাবের বিশেষ নিরাপত্তা 

ছবি : সংগ্রীহিত

 

বার্তা সিলেট ডেস্ক : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীসহ সারাদেশে বিশেষ নিরাপত্তা বলয় গড়ে তুলেছে র‌্যাব। এরই অংশ হিসেবে আজ শুক্রবার সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শন এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেছেন র‌্যাবের ভারপ্রাপ্ত মহাপরিচালক কর্নেল ইফতেখার আহমেদ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‌্যাব। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,ঈদ ঘিরে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাব সারাদেশে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে। ব্যাটালিয়নগুলো নিজেদের দায়িত্বপূর্ণ এলাকায় পর্যাপ্ত সংখ্যক র‌্যাব সদস্য মোতায়েন রেখেছে। এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে রয়েছে র‌্যাবের কন্ট্রোল রুম,স্ট্রাইকিং রিজার্ভ,ফুট ও মোবাইল পেট্রোল,ভেহিক্যাল স্ক্যানার,অবজারভেশন পোস্ট,চেকপোস্ট এবং সিসিটিভি মনিটরিং ব্যবস্থা। পাশাপাশি র‌্যাবের সেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয়ার লক্ষ্যে সব ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার বাস টার্মিনাল,রেল স্টেশন,লঞ্চ টার্মিনাল,ফেরিঘাট ও গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বিশেষ নজরদারি রয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়,দেশের গুরুত্বপূর্ণ ঈদগাহে (জাতীয় ঈদগাহ,শোলাকিয়া ঈদগাহ ও দিনাজপুর বড় ঈদগাহ) নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এসব ঈদগাহে নিরাপত্তা সুইপিং করা হবে এবং প্রয়োজনীয় সিসিটিভি কাভারেজ থাকবে। ঈদের ছুটিতে যাওয়া নগরবাসীর বাসস্থান,কর্মস্থল,শপিংমলসহ অন্যান্য স্থানে চুরি ও ডাকাতি প্রতিরোধে র‌্যাবের নজরদারি ও টহল বৃদ্ধি করা হয়েছে। ভার্চুয়াল জগতে পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে গুজব,উসকানিমূলক তথ্য বা মিথ্যা তথ্য ছড়ানো প্রতিরোধেও প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে র‌্যাব সাইবার মনিটরিং টিম।  এছাড়াও অনলাইনে সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রয়েছে।