প্রকাশিত: ২৪ মার্চ, ২০২৬ ০৯:৪৩ (বুধবার)
জুলাই যোদ্ধাদের দায়মুক্তি,বিএনপিকে ধন্যবাদ : আসিফ নজরুল

অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল।

 

বার্তা সিলেট ডেস্ক : জুলাই যোদ্ধাদের দায়মুক্তি দেয়ার অধ্যাদেশ গ্রহণের সম্মতিতে বিএনপি সরকারকে ধন্যবাদ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল। আজ বিকাল ৫টা ৪৮ মিনিটে নিজের ফেসবুক পেজে এ-সংক্রান্ত পোস্ট দিয়েছেন তিনি। আজ স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন,জুলাই যোদ্ধাদের দায়মুক্তি দেয়ার অধ্যাদেশ গ্রহণ করবে সরকার। ধন্যবাদ বিএনপি সরকারকে। আজ সকালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,অধ্যাদেশগুলোর বিষয়ে ফয়সালা করতেই সংসদের বিশেষ কমিটি বৈঠক আজ। তিনি বলেন,জনপ্রত্যাশা অনুযায়ী জুলাই গণঅভ্যত্থানের আকাঙ্ক্ষাগুলোকে আমরা ধারণ করব। কিছু অধ্যাদেশ আছে যেখানে জুলাই যোদ্ধাদেরকে যেই নামে অভিহিত করা হয়েছে এবং গণঅভ্যত্থানে যারা নেতৃত্ব দিয়েছে এবং অংশগ্রহণ করেছে তাদের ইনডেমনিটি গ্রহণ করা হবে। আরও কিছু বিষয়ে আছে। যেমন বিগত ফ্যাসিবাদী সরকারের সময়ে বিভিন্ন প্রতিষ্ঠানের নামকরণ করা হয়েছিল তাদের নেতাদের নামে এবং বিভিন্ন নামে সেগুলো বিলুপ্ত করা হয়েছে এগুলোকে আমরা গ্রহণ করব।

 মন্ত্রী বলেন,সময় সংক্ষিপ্ত। ৩০ দিনের মধ্যে ফয়সালা করার বাধ্যবাধকতা রয়েছে। প্রথম অধিবেশন গত ১২ মার্চ বসেছিল। আগামী অধিবেশন ২৯ মার্চ। এর মধ্যে প্রায় ১৫ দিনের মত সময় অতিবাহিত হয়ে যাবে। বাকি ১৫ দিনের মধ্যে যা করা যায় তার ব্যবস্থা করব। আজ সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনে বিশেষ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ১৩৩ টি অধ্যাদেশ নিয়ে আলোচনা হয়েছে। সবগুলো অধ্যাদেশ যাচাই-বাছাই শেষে আগামী ২ এপ্রিল সংসদে প্রতিবেদন জমা দিতে হবে। গত ১২ মার্চ ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান ১৩৩টি অধ্যাদেশ উপস্থাপন করেন। পরে তার প্রস্তাবে অধ্যাদেশগুলো বিশেষ কমিটিতে পাঠানো হয়। এই কমিটির সভাপতি বিএনপির জ্যেষ্ঠ নেতা জয়নুল আবেদীন। অন্য সদস্যরা হলেন-মির্জা আব্বাস, সালাহউদ্দিন আহমদ, মো. নুরুল ইসলাম, মো. আসাদুজ্জামান, মুহাম্মদ ওসমান ফারুক, এএম মাহবুর উদ্দিন, আব্দুল বারী, মুহাম্মদ নওশাদ জমির ও ফারাজানা শারমীন। এছাড়াও রয়েছেন জামায়াতে ইসলামীর মো. মজিবুর রহমান, রফিকুল ইসলাম খান ও জিএম এম নজরুল ইসলাম।