প্রকাশিত: ২৭ মার্চ, ২০২৬ ০৯:৪২ (শনিবার)
শ্রেণি কক্ষ ও পরীক্ষা কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় থাকবে : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন

 

বার্তা সিলেট ডেস্ক : শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, আওয়ামী আমলের মতো পরীক্ষা এদেশে আর হবে না। তখন শিক্ষকদের হাতে ২টা কলম থাকতো। ১টা কালো, আরেকটা লাল। কালো কলম দিয়ে শিক্ষকরা ছাত্রদের খাতায় লিখে দিতো। শিক্ষকরা নকল সরবরাহ করতো। এখন থেকে তা বন্ধ। আগামীর পরীক্ষা হবে নকলমুক্ত পরীক্ষা। শুক্রবার বিকেলে কুমিল্লা শিক্ষা বোর্ড সম্মেলন কক্ষে শিক্ষা বোর্ড কর্মকর্তা ও বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, একজন পুলিশ আইনশৃঙ্খলা রক্ষা করে, ডিসি জেলার সামগ্রিক বিষয় দেখে। কিন্তু আগামীর বাংলাদেশ গড়বেন শিক্ষকরা।

তিনি বলেন,পাবলিক পরীক্ষায় নকল শুরু করেছিল শিক্ষকরা, বন্ধও করেছিল শিক্ষকরা। আবার হাসিনা সরকার আসার পর দেশে নকলে সয়লাব হয়ে গেছে। এখন থেকে নকল করে পরীক্ষা আর চলবে না। সেক্ষেত্রে শিক্ষকদের ভূমিকাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। মন্ত্রী বলেন, দেশনায়ক প্রধানমন্ত্রী তারেক রহমান আমার প্রতি আস্থা রেখে শিক্ষা মন্ত্রণালয়ের দায়ত্ব আমাকে দিয়েছেন। এই মন্ত্রণালয় আমার জন্য এবাদতখানা। আপনারা শিক্ষকরা যদি একজন ছাত্রকে মানুষ বানাতে পারেন, সেটা আপনার জন্য সদকায়ে জারিয়া। এজন্য আপনাদের জন্য এটা এবাদতখানা। এহসানুল হক মিলন বলেন,সামনে এসএসসি পরীক্ষা। প্রতিটা কেন্দ্রে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসতে হবে। শুধু পরীক্ষার সময়ই না,সর্বদা প্রতিটা প্রতিষ্ঠান ক্লোজ সার্কিট ক্যামেরার আওতায় নিয়ে আসতে হবে।