প্রকাশিত: ০১ এপ্রিল, ২০২৬ ১০:২৬ (বৃহস্পতিবার)
মৌলভীবাজারের কুলাউড়ায় পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

ছবি : সংগ্রীহিত

 

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়ায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১ এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলার কর্মধা ইউনিয়নের ফটিকগুলি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিহতরা হলো কর্মধা ইউনিয়নের ফটিগুলি গ্রামের সাহেব আলীর ছেলে লাবিব আহমদ (৭), আশিক আলীর ছেলে ইমাদ আলী (১০) ও সিপার মিয়ার ছেলে জিসান আহমদ (১২)। লাবিব ও ইমাদ সম্পর্কে চাচাতো ভাই। স্থানীয় ও নিহতদের পরিবার সূত্রে জানায়, বুধবার দুপুর ১২টার দিকে লাবিব,ইমাদ ও জিসান কৃষিজমির গর্তের পানিতে নামলে সাঁতার না জানায় ঘটনাস্থলেই তারা মারা যায়। 

কর্মধা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. হেলাল আহমদ বলেন,ফটিগুলি এলাকায় জমির মালিক মাটি বিক্রি করার কারণে জমিতে গর্তের সৃষ্টি হয়। পাহাড়ি ঢল ও বৃষ্টির পানিতে জমির গর্তগুলো ভরাট হলে সাঁতার না জানা ওই তিন শিশু মারা যায়।বিষয়টি উপজেলা ও পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে। একসঙ্গে তিন শিশুর মারা যাওয়ার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান মোল্যা বলেন,পানিতে ডুবে তিন শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এনিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।