ছবি : সংগ্রীহিত
সিলেট প্রতিনিধি : সিলেটে হামের লক্ষণ নিয়ে শিশুর মৃত্যু হয়েছে। এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে হামের লক্ষণ নিয়ে শিশুর মৃত্যু নিয়ে তোলপাড় চলছে। নিহত শিশু ফারহান ব্রঙ্কোনিউমোনিয়া বা ফুসফুস সংক্রমণে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করে। হাসপাতালের উপপরিচালক ডাঃ মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ দুপুর ১টার দিকে হামের লক্ষণ নিয়ে শিশুটি মারা যায়। এছাড়াও হাসপাতালে হাম রোগের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ১০ শয্যার একটি আইসোলেশন ইউনিট চালু করা হয়েছে। সোমবার দুপুরে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সম্প্রতি শিশুদের মধ্যে হাম রোগের সংক্রমণ বেড়ে যাওয়ায় বিশেষ এই উদ্যোগ নেয়া হয়েছে,যাতে আক্রান্ত রোগীদের আলাদা রেখে যথাযথ চিকিৎসা দেয়া যায়।
হাসপাতাল সূত্র জানায়,গত কয়েকদিন ধরে হাম রোগে আক্রান্ত শিশুর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। প্রতিদিনই নতুন রোগী ভর্তি হচ্ছে। যা নিয়ে অভিভাবকদের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে,আইসোলেশন ইউনিট চালুর ফলে সংক্রমণ নিয়ন্ত্রণে সহায়তা করবে এবং অন্যান্য রোগীদের নিরাপত্তাও নিশ্চিত করা সম্ভব হবে। পাশাপাশি রোগীদের নিবিড় পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় চিকিৎসা দেয়ার জন্য চিকিৎসক ও নার্সদের বিশেষভাবে দায়িত্ব দেওয়া হয়েছে। চিকিৎসকরা অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন,শিশুদের সময়মতো টিকা দেওয়া এবং হামের লক্ষণ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে হবে।
আইটি ল্যাব সলিউশন্স লি.