প্রকাশিত: ১৮ এপ্রিল, ২০২৬ ০৬:৩৬ (রবিবার)
গাজীপুরে আদালতের নির্দেশে ইমামের জিম্মায় মেয়ে,গ্রেফতার ৭

ছবি : সংগ্রীহিত

 

বার্তা সিলেট ডেস্ক : গাজীপুরের শ্রীপুরে আলোচিত মাদ্রাসাছাত্রী ফারিহাকে (১৬) আদালতের নির্দেশে পরিবারের জিম্মায় দেয়া হয়েছে। এর পূর্বে ওই মেয়েকে অপহরণের অভিযোগে থানায় মামলা দিলে পুলিশ তাকে উদ্ধার করে আদালতে হাজির করে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির আহমেদ গণমাধ্যমকে বলেন,নয়নপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কিশোরীকে উদ্ধার করেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই লালচান। একই সঙ্গে মামলার আসামিদের মধ্যে ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। তবে প্রধান আসামি আবিদ এখনো পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে অভিযান চলছে। তিনি আরও বলেন,উদ্ধার হওয়া কিশোরী পুলিশের কাছে দাবি করেছে সে স্বেচ্ছায় অভিযুক্তদের সঙ্গে গিয়েছিল,তাকে অপহরণ করা হয়নি। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে ঘটনায় প্রেমঘটিত জটিলতা পাওয়া  গেছে বলেও জানান তিনি।

মামলা ও পারিবারিক সূত্র জানায়, স্থানীয় এক মসজিদের ইমামের মেয়ে ফারিহাকে দীর্ঘদিন ধরে এলাকার কয়েকজন যুবক উত্ত্যক্ত করে আসছিল। গত ১৪ এপ্রিল সকালে মাদ্রাসায় যাওয়ার পথে তাকে জোরপূর্বক তুলে নেয়া হয়। পরে এক দফা ফিরিয়ে দেয়া হলেও ১৫ এপ্রিল পুনরায় দলবল নিয়ে বাড়িতে হামলা চালিয়ে অস্ত্রের মুখে তাকে আবার নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা হাদিউল ইসলাম শ্রীপুর থানায় ১০ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। পুলিশ দ্রুত অভিযান চালিয়ে কিশোরীকে উদ্ধার এবং অভিযুক্তদের গ্রেফতার করে। ওদিকে,স্থানীয় সূত্র জানায়,প্রেমের সূত্র ধরে প্রেমিকের হাত ধরে ওই ছাত্রী পালিয়ে যায়। এনিয়ে যথেষ্ট তথ্য,উপায়ত্ব থানা পুলিশকে দেয়া হয়েছে। স্থানীয় ভাবে বিষয়টি দুই পরিবারে রফদফা হলেও কাবিন সংক্রান্ত জটিলতায় ফের দুই পরিবারে বিরোধ দেখা দেয়। পুলিশের দাবি,দুই পরিবারে সমঝোতা না হওয়ায় এবং মেয়ে অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মামলার প্রেক্ষিতে ভিকটিমকে আদালতে প্রেরণ করা হয়েছে। আইনী ভাবেই ঘটনার নিস্পত্তি হবে।