ছবি : সংগ্রীহিত
বার্তা সিলেট ডেস্ক : লোডশেডিংয়ের মধ্যেই দুঃসংবাদ দিল ভারতের আদানি গ্রুপ। বিদ্যুৎ কোম্পানিটির দুটি ইউনিটের একটি দীর্ঘদিন বন্ধ থাকার পর চালু হয়েছিল গত ১১ এপ্রিল। তবে ১১ দিনের মাথায় বুধবার (২২ এপ্রিল) দুপুরে যান্ত্রিক ত্রুটির কারণে ফের বন্ধ হয়ে গেছে। এতে সারাদেশে লোডশেডিং আরও বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। পাওয়ার গ্রিড পিএলসি বাংলাদেশের (পিজিসিবি) তথ্যে দেখা যায়,আজ বুধবার দুই ইউনিট থেকে সর্বোচ্চ ১ হাজার ৫০০ মেগাওয়াট (১ হাজার ৪৯৯) করে বিদ্যুৎ দিচ্ছিল আদানি। দুপুর ২টায় তা একলাফে নেমে আসে ৭৫০ মেগাওয়াটে।
ওদিকে,গরমের কারণে বিদ্যুতের চাহিদা ১৬ হাজার ৫০০ মেগাওয়াট উঠলেও উৎপাদন বাড়ানো যাচ্ছে না। ফলে ঘণ্টায় লোডশেডিং ছাড়িয়ে যাচ্ছে দুই থেকে আড়াই হাজার মেগাওয়াট। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সদস্য (উৎপাদন) মো. জহুরুল ইসলাম বলেন,আদানি জানিয়েছে,তাদের বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিটের বিয়ারিং থেকে সতর্ক সংকেত পাওয়া যাচ্ছিল। বড় ধরনের দুর্ঘটনা এড়াতে তাৎক্ষণিকভাবে বন্ধ করা হয়েছে উৎপাদন। তিন-চার দিন পর চালু হতে পারে ইউনিটটি। ভারতের ঝাড়খন্ড রাজ্যে নির্মিত ওই বিদ্যুৎকেন্দ্র থেকে ১ হাজার ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করে বাংলাদেশ।
আইটি ল্যাব সলিউশন্স লি.