ছবি : সংগ্রীহিত
বার্তা সিলেট ডেস্ক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেয়া বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে জামায়াত। শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে জামায়াতকে নিয়ে যে বক্তব্য রেখেছেন বিএনপি মহাসচিব তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। শনিবার এ-সংক্রান্ত বিবৃতি দিয়েছেন তিনি। মিয়া গোলাম পরওয়ার বলেন,বিএনপি মহাসচিব জামায়াতকে নিয়ে পুরোপুরি রাজনৈতিকভাবে নির্মূল করার হুমকি দিয়ে যে অসাংবিধানিক,অনাকাঙ্ক্ষিত এবং অশোভন বক্তব্য দিয়েছেন,আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজনৈতিকভাবে নির্মূল করার হুমকি দিয়ে যে বক্তব্য দিয়েছেন তা গণতন্ত্রের ভাষা নয়। এ ধরনের অনাকাঙ্ক্ষিত বক্তব্য দিয়ে তিনি পতিত আওয়ামী ফ্যাসিবাদীদের ভাষায় কথা বলেছেন। যা মোটেই সমীচীন নয় এবং অত্যন্ত দুঃখজনকও বটে। তার মতো দায়িত্বশীল নেতার কাছ থেকে দেশবাসী এ ধরনের রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত বক্তব্য আশা করে না। তার এই বক্তব্য অতীতের মতো দেশকে সহিংসতা ও উসকানিমূলক নৈরাজ্যের দিকে ঠেলে দেওয়ার ইঙ্গিত বহন করে।’
তিনি বলেন,যে মুহূর্তে দশের ১৮ কোটি মানুষ এক রক্তক্ষয়ী বিপ্লবের মাধ্যমে একদলীয় ফ্যাসিবাদী শাসকদের দেশ থেকে বিতাড়িত করে দেশে গণতন্ত্র,আইনের শাসন,ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছে,ঠিক সেই মুহূর্তে জাতীয় সংসদের বিরোধীদল জামায়াতকে পুরোপুরি রাজনৈতিকভাবে নির্মূলের হুমকি দিয়ে বিএনপি মহাসচিব আওয়ামী ফ্যাসিবাদের সূরে কথা বলেছেন। সচেতন দেশবাসী মনে করে, কোনো দল বা ব্যক্তি যখন আদর্শ, যুক্তি ও নৈতিকতা দিয়ে রাজনৈতিক প্রতিপক্ষকে মোকাবিলায় ব্যর্থ হয়,তখনই এ ধরনের সন্ত্রাস ও সহিংসতার মতো উসকানিমূলক বক্তব্য দেয়।’
তিনি বলেন,বিএনপি মহাসচিবের বক্তব্যের জবাবে আমি স্পষ্ট ভাষায় জানাতে চাই,অতীতের আওয়ামী ফ্যাসিবাদী শক্তি সাড়ে ১৭ বছর অন্যায়ভাবে অগণতান্ত্রিক ও সন্ত্রাসী তাণ্ডব চালিয়ে নির্মূল করতে পারেনি। সুতরাং আমি আশা করি যে,এ ধরনের অপরিণামদর্শী বক্তব্য থেকে বিএনপি মহাসচিব বিরত থেকে গণতান্ত্রিক পরিবেশকে সমুন্নত রাখবেন। অতীতে জামায়াতকে রাজনৈতিকভাবে নির্মূল করতে গিয়ে আওয়ামী ফ্যাসিবাদীরাই প্রত্যাখ্যাত হয়েছে। কাজেই নির্মূল করার হুমকি দিয়ে,ভয় দেখিয়ে কাবু করা যাবে না। তিনি আরও বলেন,এ ধরনের অগণতান্ত্রিক ও উসকানিমূলক ভাষা ব্যবহার করে গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংসের দিকে ঠেলে না দিয়ে নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক ভাষায় কথা বলার জন্য আমি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতি আহ্বান জানাচ্ছি।’
আইটি ল্যাব সলিউশন্স লি.