ছবি : সংগ্রীহিত
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে মোহাম্মদ আলী হত্যা মামলার তিন পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-৯। রবিবার (২৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টায় র্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়,নিহত মোহাম্মদ আলী মাধবপুর উপজেলার বুল্লা এলাকার বাসিন্দা। জমি-জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে তার ভাতিজাদের সঙ্গে অভিযুক্তদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে একাধিকবার হুমকি-ধমকির ঘটনাও ঘটে। পরে স্থানীয় জনপ্রতিনিধিদের উদ্যোগে সালিশ বৈঠকের মাধ্যমে বিষয়টি মীমাংসা হয়।
সালিশ শেষে সোমবার (৬ এপ্রিল) বিকেলে পুনরায় বিরোধের সৃষ্টি হলে অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ভিকটিমের বাড়িতে হামলা চালায়। এ সময় মোহাম্মদ আলীকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে ঢাকায় পাঠানো হয়। সেখানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ৭ এপ্রিল সকালে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে মাধবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার আসামিদের গ্রেফতারে র্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে। এরই ধারাবাহিকতায় রবিবার (২৬ এপ্রিল) রাত পৌনে ৩টার দিকে হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার পিরিচপুর এলাকায় অভিযান চালিয়ে মামলার ৬ নম্বর আসামি কামাল মিয়াকে (৪০) গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে রাতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইব্রাহিমপুর এলাকায় যৌথ অভিযান চালিয়ে আরও দুই আসামি আজব আলী (৪০) ও ফয়েজ উদ্দিনকে (২৮) গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
আইটি ল্যাব সলিউশন্স লি.