প্রকাশিত: ১০ মে, ২০২৬ ০৯:৪২ (সোমবার)
হবিগঞ্জের ধুলিয়াখালে বাস মোটর সাইকেল সংঘর্ষে,কলেজ ছাত্র নিহত

ছবি : সংগ্রীহিত

 

মীর দুলাল : হবিগঞ্জ শহরের ধুলিয়াখাল বাইপাস সড়কে বাস-মোটর সাইকেল সংঘর্ষে জাহিদুল ইসলাম নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। তিনি বাহুবল উপজেলার মিরপুর গ্রামের আব্দুস শহীদের পুত্র এবং হবিগঞ্জ শহরের বৃন্দাবন সরকারী কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। ওদিকে,তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বাসস্ট্যান্ড এলাকায় সড়ক অবরোধ করেন বৃন্দাবন কলেজসহ অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এতে প্রায় ১ ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। রাস্তার উভয় পাশে আটকে পড়ে কয়েকশ' যানবাহন। পুলিশ ও স্থানীয় সুত্র জানায়,রবিবার দুপুরে ধুলিয়াখাল বাইপাস সড়ক এলাকায় সিলেট থেকে ছেড়ে আসা হবিগঞ্জগামী বাসের সঙ্গে মোটর সাইকেলের সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলেই মোটর সাইকেল আরোহী জাহিদুল ইসলামের মৃত্যু হয়।

খবর পেয়ে হবিগঞ্জ সদর থানাপুলিশ লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করে। এঘটনায় বৃন্দাবন কলেজ শিক্ষার্থী তানজিব সারোয়ার বলেন, সে আমাদের কলেজের উদ্ভিদ বিজ্ঞানের শিক্ষার্থী ছিল। বাসের ধাক্কায় তার মৃত্যু হয়েছে। বাসগুলো ধীরগতি চললে হয়তো এই দূর্ঘটনা হতো না। হবিগঞ্জ সদর মডেল থানার ওসি জাহিদ হোসেন বলেন,বাস ও মোটর সাইকেলের সংঘর্ষে এক যুবকের মৃত্যু হয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করেছে। বাসস্ট্যাণ্ড এলাকায় শিক্ষার্থীরা অবরোধ করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করে।