প্রকাশিত: ১২ জুন, ২০২৬ ১০:৫৭ (শনিবার)
বাহুবলে ইউপি সদস্যকে ৩ লাখ টাকা অর্থদন্ড

অভিযোগ প্রমাণিত হওয়ায় ইউপি সদস্য শামীমকে তিন লক্ষ টাকা জরিমানা

 

মীর দুলাল : হবিগঞ্জের বাহুবল উপজেলার সাতকাপন ইউনিয়নে পাহাড়ের মাটি অবৈধভাবে কর্তন করে বিক্রি করার অভিযোগ প্রমাণিত হওয়ায় ইউপি সদস্য শামীমকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।  অভিযুক্ত  ব্যক্তি হলেন,উপজেলার ৩ নং সাতকাপন ইউনিয়নের কাছন মিয়ার পুত্র ইউপি সদস্য মো. শামীম আহমেদ (৫২)। উপজেলা প্রশাসন সূত্র জানায়,দীর্ঘদিন ধরে সাতকাপন ইউনিয়নের বিভিন্ন এলাকায় পাহাড় কেটে মাটি বিক্রির অভিযোগ উঠছিল। এিই প্রেক্ষিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে অভিযান পরিচালনা করে এ জরিমানা প্রদান করা হয়। শুক্রবার (১২ জুন) বিকেলে অভিযান পরিচালিত হয় হয়। অভিযানকালে অভিযোগের সত্যতা পাওয়ায় ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায়। আদালত বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন,২০১০ অনুযায়ী মো. শামীম আহমেদকে ৩ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন। একই সঙ্গে অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। অভিযান চলাকালে বাহুবল মডেল থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, পাহাড় ও টিলা কেটে মাটি বিক্রি পরিবেশের জন্য মারাত্মক হুমকি এবং এটি সম্পূর্ণ বেআইনি। এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।