নাজমুল হাসান হিমেল ও তার সহযোগী সোহাগ আহমদকে জনতা আটক করে।
সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে প্রায় এক হাজার পিস ইয়াবাসহ ‘জুলাই যোদ্ধা’ পরিচয় দানকারী এক যুবককে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।পরে পুলিশ তাকে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে। তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী গ্রাম পুরান লাউড়েরগড়ে এ ঘটনা ঘটে। উপজেলার বাদাঘাট পুলিশ ফাঁড়ির এএসআই মোখলেছুর রহমান বলেন,বুধবার রাতে উপজেলার সীমান্ত গ্রাম পুরান লাউড়েরগড় মাদ্রাসার সামনে নাজমুল হাসান হিমেল নামে ওই যুবক এবং তার সহযোগী সোহাগ আহমদকে জনতা আটক করে। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়। নাজমুল হাসান হিমেল বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের ছাতারকোণা গ্রামের নজরুল ইসলামের ছেলে। আর সোহাগ আহমেদও একই এলাকার বাসিন্দা। স্থানীয়দের ভাষ্য, মোটরসাইকেলে করে হিমেল ও তার সহযোগী সোহাগ সীমান্ত এলাকা থেকে ফিরছিলেন। পথে লাউড়েরগড় এলাকার লোকজন তাদের আটক করে তল্লাশি করে। এ সময় তাদের কাছে সাড়ে ৯৫০ ইয়াবা পাওয়া যায়। বিক্ষুব্ধ লোকজন তাদের দোকানের খুঁটিতে বেঁধে মারধর করে। পরে পুলিশে খবর দেয়।
ঘটনার প্রত্যক্ষদর্শী সাবেক ইউপি সদস্য মোস্তফা মিয়া বলেন,এলাকার মানুষজন হিমেলকে আটক করে তার কাছে বিপুল ইয়াবা পান। পরে পুলিশ ডেকে ধরিয়ে দেন। সে ভারত থেকে ইয়াবার চালান এনে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করত। আমরা তখন এগিয়ে না গেলে জনতা তাকে পিটুনি দিয়ে মেরে ফেলত। ধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল আহমদ বলেন,হিমেল একজন জুলাই যোদ্ধা। জুলাই আন্দোলনের সময় মিটিং-মিছিল করেছে। তার ভাই তোফায়েল আহমদ বিশ্বম্ভরপুর উপজেলা বৈষম্যবিরোধী আন্দোলনের যুগ্ম সদস্যসচিব। হিমেল ইয়াবার চালানসহ গত রাতে তাহিরপুরের লাউড়েড়গড় সীমান্তে আটক হয়েছে। ৫ অগাস্টের পর মামলা দিয়ে অনেক নিরীহ মানুষকে সে হয়রানি-নির্যাতন করেছে। বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ ইউনিয়নের একজন বাসিন্দা বলেন, “৫ অগাস্টের পর হিমেল মাদকবিরোধী সংগঠনও তৈরি করে। এর আড়ালে সে নিজেই মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে। কেউ প্রতিবাদ করলে তাকে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে মামলার মাধ্যমে হয়রানি করত। ফলে এলাকায় কেউ তার বিরুদ্ধে কথা বলত না। এএসআই মোখলেছুর রহমান বলেন,হিমেলের বিরুদ্ধে মাদকবিরোধী সংগঠনের ব্যানারে মাদক কারবারের অভিযোগ আছে। দুপুরে হিমেল ও সোহাগকে আদালতে পাঠানো হয়। আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আইটি ল্যাব সলিউশন্স লি.