প্রকাশিত: ২১ জুন, ২০২৬ ১০:৫৯ (শুক্রবার)
নবীগঞ্জে স্বামীর দায়ের কোপে স্ত্রী নিহত

জনতার হাতে আটক ঘাতক আশিক মিয়া ।

 

নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের ভাটি শেরপুর ভূমিহীন গ্রামে পারিবারিক কলহের জেরে স্বামীর দা’য়ের কোপে স্ত্রী নিহত হয়েছেন। নিহত গৃহবধূর নাম রিপন আক্তার (৩২)। তিনি একই গ্রামের বাসিন্দা আশিক মিয়ার স্ত্রী। স্থানীয় সূত্রে জানায়,রোববার (২১ জুন) বিকেলে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার এক পর্যায়ে আশিক মিয়া দা দিয়ে তার স্ত্রী রিপন আক্তারকে এলোপাতাড়ি কোপ দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। ঘটনার পর এলাকাবাসী অভিযুক্ত আশিক মিয়াকে আটক করে। খবর পেয়ে নবীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে জনতার হাত থেকে ঘাতক আশিক মিয়া এবং নিহত রিপন আক্তারের লাশ থানায় নিয়ে আসে। এনিয়ে এলাকায় শোকের ছায়া নেমে আসে। এনিয়ে থানার ওসি (তদন্ত) দুলাল মিয়া বলেন,নিহত গৃহবধুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।