বরুণ গাছে সেলিম মিয়া (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ।
নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের বৈঠাখাল গ্রামে এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোরে নিজ বাড়ির পাশে একটি বরুণ গাছে সেলিম মিয়া (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সেলিম মিয়া ওই গ্রামের মৃত মারুত মিয়ার পুত্র। স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়,প্রতিদিনের মতো আজ ভোরে পরিবারের লোকজন ঘুম থেকে উঠে সেলিম মিয়াকে বিছানায় দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের একটি বরুণ গাছে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা। তাৎক্ষণিকভাবে নবীগঞ্জ থানা পুলিশকে খবর দেয়া হলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। ঘটনার খবর পেয়ে স্থানীয় গ্রামবাসী ও স্বজনরা দ্রুত ঘটনাস্থলে ভিড় জমান।
নিহতের পারিবারিক সূত্রে জানায়,কী কারণে তিনি এমন চরম পথ বেছে নিয়েছেন, সে বিষয়ে কিছুই বলা যাচ্ছেনা। পুলিশ মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এই আকস্মিক মৃত্যুতে পুরো বৈঠাখাল গ্রামসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার বাতাস। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) দুলাল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন ।
আইটি ল্যাব সলিউশন্স লি.