দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে বাস চালকসহ ২ জন নিহত।
মীর দুলাল : হবিগঞ্জের বাহুবল উপজেলার ডুবাঐ বাজারে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ইউনিক পরিবহনের বাসচালকসহ ২ জন নিহত হয়েছে। নিহত বাস চালক কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার দড়ি চরিয়াকোনা গ্রামের মোহাম্মদ আলীর পুত্র তাজুল ইসলাম রুবেল (৫০) ঘটনাস্থলে নিহত হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পর আরও একজন মারা যান,তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি। এ ঘটনায় আহত হয়েছেন অর্ধশতাধিক যাত্রী।
বুধবার (৮জুলাই) সকাল ৮টায় ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার ডুবাঐ বাজার এলাকায় আকিজ ভেঞ্চার কম্পানির সামনে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানায়,ঢাকা-সিলেট মহাসড়কের ডুবাঐ বাজার এলাকায় সিলেটগামী ইউনিক পরিবহণ এবং বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী ‘লাকী পরিবহণের যাত্রীবাহী বাসের মধ্যে মুখোমুখি ভয়াবহ সংঘর্ষ ঘটে। সড়ক দুর্ঘটনার পরপরই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। আহতদের উদ্ধার করে স্থানীয় বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের সাথে যৌথভাবে উদ্ধার কাজ শুরু করে। দুর্ঘটনায় কবলিত বাস দুটিকে রাস্তা থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে এবং আহতদের চিকিৎসার সর্বোচ্চ ব্যবস্থা করা হয়েছে।
আইটি ল্যাব সলিউশন্স লি.