প্রকাশিত: ৩০ জুলাই, ২০২৬ ২১:১৫ (শুক্রবার)
নবীগঞ্জের নতুন ইউএনও সুলতানা জেরিন,সুনামগঞ্জে রুহুল আমিন 

 

স্টাফ রিপোর্টার : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় নতুন নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে  ৩৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা সুলতানা জেরিনকে নিয়োগ করা হয়েছে । তিনি বর্তমানে সুনামগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।
গতকাল বুধবার (২৯ জুলাই) সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে জারি করা এক প্রশাসনিক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেয়া হয়। প্রজ্ঞাপনে সিলেট বিভাগের বিভিন্ন উপজেলায় কর্মরত কয়েকজন বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তাকে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, বর্তমান নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিনকে বদলি করে সুনামগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ করা হয়েছে। একই আদেশে সুনামগঞ্জ সদর উপজেলার ইউএনও সুলতানা জেরিনকে নবীগঞ্জ উপজেলার নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেয়া হয়। নবীগঞ্জে উপজেলায় দায়িত্ব পালনকালে মো. রুহুল আমিন প্রশাসনিক দক্ষতা, সুশাসন প্রতিষ্ঠা, উন্নয়ন কর্মকাণ্ডের তদারকি, ভূমি ব্যবস্থাপনা, আইন-শৃঙ্খলা রক্ষা, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং জনসেবামূলক বিভিন্ন উদ্যোগের মাধ্যমে প্রশংসা অর্জন করেন। শিক্ষা, পরিবেশ সংরক্ষণ, সরকারি সেবা সহজীকরণ এবং সামাজিক সচেতনতামূলক কার্যক্রমেও তিনি সক্রিয় ভূমিকা পালন করেন। চলতি বছর প্রাথমিক শিক্ষা পদক-২০২৬-এ তিনি হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নির্বাচিত হন। অন্যদিকে, সুলতানা জেরিন সুনামগঞ্জ সদর উপজলের উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকালে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন, প্রশাসনিক সমন্বয়, আইন-শৃঙ্খলা রক্ষা, জনসেবার মানোন্নয়ন এবং সরকারি বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রেখে সুনাম অর্জন করেছেন।
প্রশাসনের সংশ্লিষ্ট সূত্র জানায়, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী শিগগিরই নবীগঞ্জ উপজেলায় নতুন দায়িত্ব গ্রহণ করবেন সুলতানা জেরিন এবং বিদায়ী ইউএনও মো. রুহুল আমিন সুনামগঞ্জ সদর উপজেলায় নতুন কর্মস্থলে যোগদান করবেন।