বার্তা সিলেট ডেস্ক : হবিগঞ্জের মাধবপুরে একই দিনে দুই তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২০ নভেম্বর) উপজেলার বাঘাসুরা ও বহরা ইউনিয়নের দুটি গ্রাম থেকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতদের মধ্যে একজনের শুক্রবারই বিয়ে হওয়ার কথা ছিল। নিহত দুই তরুণী হলেন,বাঘাসুরা ইউনিয়নের হরিতলা গ্রামের খেলু মিয়ার মেয়ে স্বর্ণা (২০) এবং বহরা ইউনিয়নের আউলিয়াবাদ গ্রামের শফিকুল ইসলামের মেয়ে সুমাইয়া জান্নাত তন্নী (১৮)।
স্থানীয় সূত্র জানায় গেছে,শুক্রবার দুপুর ১২টার দিকে স্বর্ণাকে নিজ ঘরে গলায় ফাঁস দেয়া অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। অন্যদিকে,একই দিন সকালে সুমাইয়া জান্নাত তন্নী নিজ ঘরের সিলিংয়ের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন বলে জানা গেছে। পরিবারের সদস্যরা বিষয়টি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। উল্লেখ্য,শুক্রবারই তন্নীর বিয়ের দিন ধার্য ছিল। খবর পেয়ে মাধবপুর থানা পুলিশের সদস্যরা পৃথক দুটি ঘটনাস্থলে গিয়ে দুই তরুণীর মরদেহ উদ্ধার করেন।
এ বিষয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা বলেন,পুলিশ দুই তরুণীর মরদেহ উদ্ধার করেছে। পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরের আবেদন করা হয়েছে। জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আইটি ল্যাব সলিউশন্স লি.