প্রকাশিত: ১৭ জানুয়ারী, ২০২৬ ০৮:৪৮ (রবিবার)
সিলেটে নতুন আমেজ : ৬টি কেন্দ্রে হবে শাকসু নির্বাচনের ভোটগ্রহণ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

 

 

সিলেট প্রতিনিধি : ছাত্রদের দাবি ও নির্বাচন কমিশনের শর্ত মেনে আগামী ২০ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের চারটি শিক্ষাভবনসহ মোট ৬টি কেন্দ্রের ১৭৮টি বুথে চলবে ভোটগ্রহণ। শাকসুর ওয়েবসাইটে এ সংক্রান্ত তালিকা প্রকাশ করা হয়েছে।ছাত্র রাজনীতির নিষেধাজ্ঞা প্রত্যাহার শেষে নতুন আমেজে সিলেটের ঐতিহ্যবাহী বিদ্যাপীটে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

শাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেছ সই করা ওই তালিকায়, শিক্ষাভবন-সি,শিক্ষাভবন-ডি ও শিক্ষাভবন-ই তে একটি করে কেন্দ্র রয়েছে। এছাড়া,নতুন সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনে দুইটি কেন্দ্র ও সেন্টার অব এক্সিলেন্স ভবনে একটি কেন্দ্র করা হয়েছে।  ৬টি কেন্দ্রে মোট ১৭৮টি বুথ রয়েছে।

এরমধ্যে, ছেলেদের বিজয়-২৪ হলের ভোটাররা শিক্ষাভবন-সি,শাহপরাণ হলের ভোটাররা শিক্ষাভবন-ই ও সৈয়দ মুজতবা আলী হলের ভোটারদের সেন্টার অব এক্সিলেন্স ভবন কেন্দ্রে ভোট দিবেন। মেয়েদের বেগম সিরাজুন্নেছা চৌধুরী হল ও ফাতিমা তুজ জাহরা হলের ভোটাররা নতুন সামাজিক বিজ্ঞান অনুষদের দুইটি কেন্দ্রে ও আয়েশা সিদ্দিকা হলের ভোটাররা শিক্ষাভবন-ডি তে ভোট দিবেন।

নির্বাচন কমিশন সূত্র জানায়,শাহপরাণ হলে ২ হাজার ২১৬ জন,সৈয়দ মুজতবা আলী হলে ১ হাজার ৪২৫ জন,বিজয়-২৪ হলে ২ হাজার ১৭৫ জন,বেগম সিরাজুন্নেছা চৌধুরী হলে ১ হাজার ১৮১ জন,ফাতিমা তুজ জাহরা হলে ৬৮৭ এবং আয়েশা সিদ্দিকা হলে ১ হাজার ৩৪৬ জনসহ শাকসুতে মোট ৯ হাজার ৩০ জন ভোটার রয়েছে।

এ বিষয়ে শাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেছ বলেন,ওয়েবসাইটে প্রকাশিত ছয়টি কেন্দ্রেই ভোট গ্রহণ চলবে। নতুন করে কোনো কেন্দ্র বাড়ানো হবেনা। মেয়েদের একটি হলের ভোটার সংখ্যা কম হওয়াতে নতুন সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনে দুইটি কেন্দ্র রাখা হয়েছে। সবাইকে কমিশনের নীতিমালা ও দেশের জাতীয় নির্বাচনের প্রেক্ষাপট বিবেচনায় সকল প্রকার শৃংখলা মেনে নির্বাচনী প্রচারণা ও ভোট দেয়ার আহবান জানানো হয়।