শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ
বার্তা সিলেট ডেস্ক : আগামী ২০ জানুয়ারী অনুষ্ঠিতব্য শাকসু নির্বাচন চার সপ্তাহের জন্য স্থগিত করেছেন বিচারপতি মো.আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ। গতকাল সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন চার সপ্তাহের জন্য স্থগিত করা হয়। সোমবার (১৯ জানুয়ারি) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ব্যারিস্টার রাশনা ইমাম, ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ। বিশ্ববিদ্যালয়ের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসাইন লিপু। রাষ্ট্রপক্ষে ছিলেন, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক। ব্যারিস্টার রাশনা ইমাম বলেন, নির্বাচন কমিশন শাকসু নির্বাচনের যে অনুমোদন দিয়েছিল তা চার সপ্তাহের জন্য হাইকোর্ট স্থগিত করেছেন। এর ফলে আগামীকাল (মঙ্গলবার) শাকসু নির্বাচন হবে না। চার সপ্তাহ পর যেকোনো দিন শাকসু নির্বাচন হতে পারে।
এর আগে, গতকাল শাকসু ও হল সংসদ নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। শাকসু নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মমিনুর রশিদ শুভসহ তিন শিক্ষার্থী হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন। প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে। রিটে বলা হয়েছে,নির্বাচন কমিশন জাতীয় সংসদ নির্বাচনের আগে সব ধরনের নির্বাচন বন্ধ রাখার নির্দেশনা জারি করেছে। এ অবস্থায় শাকসু নির্বাচন হতে দেওয়া আইনসংগত নয়। এর আগে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের সকল প্রকার নির্বাচন স্থগিতের ঘোষণা দেয় নির্বাচন কমিশন। পরে একটি বিশেষ রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের চাপে আগামী ২০ জানুয়ারী শাকসু নির্বাচনের গ্যাজেট জারী করে নির্বাচন কমিশন। এরই প্রেক্ষিতে হাইকোর্টে রীট করা হলে শুনানী শেষে আজ হাইকোর্ট বেঞ্চ চার সপ্তাহের স্থগিতাদেশ দেন। ওদিকে, নির্বাচন চার সপ্তাহ স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে এ আবেদন করা হয় বলে জানা গেছে। অ্যাডভোকেট মো. সাদ্দাম হোসেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, যথাসময়ে এই আবেদনের ওপর শুনানি হবে।
আইটি ল্যাব সলিউশন্স লি.