প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারী, ২০২৬ ১১:৩৭ (শনিবার)
বিএনপিকে দেউলিয়া বললেন চাকসু মামুন

বিএনপির বিদ্রোহী প্রার্থী চাকসু মামুন।

 

জকিগঞ্জ প্রতিনিধি : সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী চাকসু মামুন বলেন,বিএনপি আমাকে মনোনয়ন দেয়নি। জনগণের উপর ভরসা করে প্রার্থী হয়েছি। ব্যাপক সাড়া পাচ্ছি। যাকে বিএনপি প্রার্থী করেছে তাকে নিয়ে বিএনপির দেউলিয়াত্ব দৃশ্যমান হয়ে উঠেছে।। ১২ ফেব্রুয়ারী জনগণ আমার দীর্ঘত্যাগ বিবেচনায় নিয়ে বিজয়ী করবে ইনশাল্লাহ।

জকিগঞ্জ বিএনপির নেতাকর্মীকে দল থেকে বহিষ্কারের সমালোচনা সিলেট৫ আসনের স্বতন্ত্র প্রার্থী মামুনুর রশীদ চাকসু মামুন বলেন,বিএনপির দেউলিয়াত্ব আমার সামনে খুব স্পষ্টভাবে ধরা পড়ছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জকিগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সেলিম,যুগ্ম সম্পাদক মাসুদ আহমদ,সদস্য রিপন আহমদ,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসান আহমদসহ কানাইঘাট উপজেলার কয়েকজন নেতাকর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

এনিয়ে মামুন বলেন,যাদের বহিষ্কার করা হয়েছে,এই অঞ্চলের রাজনীতিতে তাদের যথেষ্ট প্রভাব রয়েছে। অথচ একটি ছোট রাজনৈতিক দল জমিয়তের কাছেই বিএনপি যেভাবে রাজনৈতিক দেউলিয়াত্ব প্রকাশ করছে,তা আমার কাছে হাস্যকর মনে হয়। সিলেট৬ আসনে জমিয়তের একজন প্রার্থী স্বতন্ত্র হিসেবে নির্বাচন করছেন। কিন্তু জমিয়ত এখন পর্যন্ত তাকে দল থেকে বহিষ্কার করেনি,এমনকি শোকজও করেনি। বিএনপির নেতৃত্বের প্রতি প্রশ্ন তুলে তিনি বলেন,দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপিতে দীর্ঘ ১৭ বছর ধরে সংগ্রাম করেছেন। এই ত্যাগের কি কোনো মূল্য নেই? তিনি মনে করেন,বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে বিএনপির নিজস্ব রাজনৈতিক অবস্থান ও স্টান্ড থাকা উচিত।