জামায়াতের আমীর ডাঃ শফিকুর রহমান।
বার্তা সিলেট ডেস্ক : জামায়াতের আমীর ডাঃ শফিকুর রহমান বলেছেন,আমি সিলেটের সন্তান। আজ জামায়াতের আমির হিসেবে নয়, আপনাদের স্বজন হিসেবে দাঁড়িয়েছি। আমাদের একটিবার সুযোগ দিন। আমরা দেশের মালিক হবো না, আপনাদের চৌকিদার হবো। সবার মর্যাদা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার। শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে সিলেটের সরকারি আলিয়া মাদরাসা মাঠে জেলা ও মহানগর জামায়াতে ইসলামী আয়োজিত বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডা. শফিকুর বলেন,দায়িত্ব পেলে পাঁচ বছরের মধ্যেই দেশের চেহারা বদলে যাবে। তরুণ প্রজন্মের স্বপ্নের নতুন বাংলাদেশ দৃশ্যমান হবে।
তিনি বলেন,গত ৫৪ বছর ধরে জুলুমের রাজনীতি চলছে। সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে জামায়াতে ইসলামী। ২০২৪ সালের ৫ আগস্টের পর দল হিসেবে জামায়াত প্রতিশোধ না নেয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং সেই সিদ্ধান্তে অটল আছে। আমরা মামলা বাণিজ্য করিনি,যদিও অনেকে করেছে।সিলেটের খনিজসম্পদের কথা উল্লেখ করে তিনি বলেন,এ অঞ্চলের মানুষ তাদের ন্যায্য হিস্যা পাচ্ছে না। এখনো অনেক এলাকায় গ্যাস ও বিদ্যুৎ পৌঁছায়নি। নদীগুলো ধ্বংস করা হয়েছে,মদ ও গাঁজায় সিলেট ছেয়ে গেছে। আমরা দায়িত্ব পেলে এসব বন্ধ করব। কেবল নদী খনন নয়,বাংলাদেশকে নদীবান্ধব দেশ হিসেবে গড়ে তুলব।
তিনি আরো বলেন,দেশে আর কেউ চাঁদাবাজি করতে পারবে না। অফিস-আদালতে ঘুষ নেয়ার সুযোগ থাকবে না। দুর্নীতি বন্ধ হলে চুরি বন্ধ হবে,আর তাতেই প্রকৃত উন্নয়ন সম্ভব।’ তিনি বলেন,সিলেট প্রবাসী অধ্যুষিত এলাকা। সিলেটে আন্তর্জাতিক বিমানবন্দর আছে শুধু নামে। বাস্তবে কোনো আন্তর্জাতিক ফ্লাইট নামে না। আমরা নামে নয়,বাস্তবে এই বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে রূপ দেব। জনসভা শেষে সিলেটের বিভিন্ন আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন ডাঃ শফিকুর রহমান।
আইটি ল্যাব সলিউশন্স লি.