প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারী, ২০২৬ ০৬:৫৬ (শনিবার)
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : জামানত হারালেন জাপা মহাসচিব

জামানত হারিয়েছেন জাপার মাহসচিব শামীম হায়দার পাটোয়ারী।

 

বার্তা সিলেট ডেস্ক :  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামানত হারিয়েছেন জাপার মাহসচিব শামীম হায়দার পাটোয়ারী। দেশের রাজনীতিতে আলেচিত দলটির  চরম  ভরাডুবি হয়েছে। কোনো আসনেই জয় পায়নি দলটি। গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনে লাঙ্গল প্রতীকে ৩ হাজার ৩৭৫ ভোট পেয়ে জামানত হারিয়েছেন দলের মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। আজ শুক্রবার গাইবান্ধা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মাসুদুর রহমান মোল্লার স্বাক্ষরিত ফলাফল শিট থেকে এ তথ্য জানা যায়। 

এতে দেখা যায়, নির্বাচনে মোট বৈধ ভোট পড়েছে ২ লাখ ১৩ হাজার ২৫২টি। নির্বাচনী আইন অনুযায়ী, কোনো প্রার্থীর জামানত রক্ষার জন্য মোট বৈধ ভোটের অন্তত আট ভাগের এক ভাগ বা ১২.৫ শতাংশ ভোট পাওয়া প্রয়োজন। সেই হিসেবে গাইবান্ধা-৫ আসনে জামানত টিকিয়ে রাখতে শামীম হায়দার পাটোয়ারীর প্রয়োজন ছিল ২৬ হাজার ৬৫৬ ভোট। তিনি পেয়েছেন মাত্র ৩ হাজার ৩৭৫ ভোট। গাইবান্ধা-৫ আসনে ১৪৬টি কেন্দ্রে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে আব্দুল ওয়ারেজ ৮৯ হাজার ২৭৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ফারুক আলম সরকার পেয়েছেন ৭৩ হাজার ৪৮৩ ভোট।