বাংলাদেশ টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ জয়ের কৃতিত্ব দেখিয়েছে। মুশফিকুর রহিম ঐতিহাসিক এই ধবলধোলাইয়ে সিরিজসেরার পুরস্কার জিতেছেন। তবে এই অর্জনের কৃতিত্ব পুরো দলকেই দিয়েছেন অভিজ্ঞ এই ব্যাটার।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে মুশফিক বলেছেন, ‘আলহামদুলিল্লাহ, এটা অনেক বড় অর্জন। ছেলেরা এমন সাফল্য প্রাপ্য। গত কয়েক বছরে সবাই যেভাবে খেলেছে, এই কৃতিত্ব তাদেরই পাওনা।’
দলের আরেক ব্যাটার লিটন দাসেরও প্রশংসা করেন তিনি। মুশফিক বলেছেন, ‘প্রথম ইনিংসে লিটন অসাধারণ খেলেছে। তার কারণেই আমরা ম্যাচে টিকে ছিলাম। ড্রেসিংরুমের আত্মবিশ্বাসও তখন অনেক উঁচুতে ছিল। আমরা ভেবেছিলাম ৪৫০–এর বেশি রান করতে হবে। বোলাররা খুব ভালো জায়গায় ধারাবাহিকভাবে বল করেছে। তাদেরও কৃতিত্ব দিতে হবে।’
মুশফিকের ক্যারিয়ারটা অনেক লম্বা। দীর্ঘ ক্যারিয়ার নিয়ে তিনি জানান, ‘আমি দেশের জন্য খেলছি, এটা সহজ কাজ নয়। এখানে টিকে থাকতে হলে কঠোর পরিশ্রম করতে হয়, নিয়মিত কাজ করে যেতে হয়। আমি আমার জীবন উপভোগ করছি। সর্বশক্তিমান আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাই।’
বাংলাদেশ থেকে আরো পড়ুন
