আন্তর্জাতিক

ভয়াবহ’পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬ ১০:০৪

ছবি : সংগ্রীহিত

 

 

বার্তা সিলেট ডেস্ক : মধ্যপ্রাচ্যে উত্তপ্ত পরিস্থিতিতে ইরানের দেয়া কড়া হুঁশিয়ারি নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে। ইরান বলেছে, ‘শক্তিশালী ও বুদ্ধিদীপ্ত নীরবতা’কোনো দুর্বলতা নয়। দৃশ্যমান সংযম যেকোনো মুহূর্তে ‘নারকীয় ঝড়ে’ রূপ নিতে পারে। নতুন করে আগ্রাসন চালালে ‘প্রত্যাশার চেয়েও ভয়াবহ’ পাল্টা জবাব দেয়া হবে। ‘যুদ্ধবাজ ও প্রতিশ্রুতি ভঙ্গকারী শত্রু’ যদি কোনো ধরনের ভুল করে বা নতুন করে আগ্রাসন চালায়,তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। রবিবার ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার (আইআরএনএ) বরাতে এই তথ্য জানা গেছে। 

ওদিকে,পাকিস্তানে শান্তি আলোচনায় এখন পর্যন্ত কোনো মীমাংসা হয়নি। প্রথম দফার আলোচনায় কোনো চুক্তি না হওয়ার পর দ্বিতীয় দফা আলোচনার জন্য মধ্যস্থতা চালায় পাকিস্তান। কিন্তু মার্কিন-ইরানি প্রতিনিধিদের মধ্যে মতপার্থক্যের জন্য সেই আলোচনা এখনও অনুষ্ঠিত হয়নি। এমন অবস্থায় রবিবার (২৬এপ্রিল) আবারও ইসলামাবাদ পৌঁছানোর কথা ইরানের পররাষ্ট্রমন্ত্রীর। আল জাজিরা প্রতিবেদন জানায়,বেশ কিছু গুরুত্বপূর্ণ মতপার্থক্যের কারণে ইরানিরা যুক্তরাষ্ট্রের সাথে মুখোমুখি আলোচনার জন্য প্রস্তুত নয়। তারা মার্কিন অবস্থানকে চরমপন্থি বলে মনে করে। এছাড়া ইরানের এমন কিছু দাবি রয়েছে যা আমেরিকানদের কাছে অগ্রহণযোগ্য। তবে, কোনো অগ্রগতি না হওয়া সত্ত্বেও পাকিস্তান মধ্যস্থতা চালিয়ে যাওয়ার ব্যাপারে তাদের প্রস্তুতির কথা বলে আসছে,সুতরাং সেই সম্ভাবনা এখনো শেষ হয়ে যায়নি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে কী ঘটে, তা সময় গড়ানোর সঙ্গে সঙ্গে দেখা যাবে। 

আন্তর্জাতিক থেকে আরো পড়ুন