প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
সিলেট প্রতিনিধি : প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সিলেট সফর নিয়ে উৎসবের আমেজ দেখা দিয়েছে। ২ নভেম্বর শনিবার তিনি একদিনের সফরে সিলেট আসছেন। প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়ার পর এটি তার প্রথম সিলেট সফর। একদিনের সফরে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন ও বাসিয়া নদী পুনঃখনন প্রকল্পের উদ্বোধনসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন তিনি। প্রধানমন্ত্রীর আগমনে সিলেট বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। তবে বৃষ্টির কারণে উৎসবের আমেজ নিয়ে কিছুটা চিন্তিত বিএনপি নেতৃবৃন্দ। শুক্রবার দুপুর থেকে সিলেটে বৃষ্টিপাত শুরু হয়েছে। শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে সিলেট আবহাওয়া অফিস। ওদিকে,প্রধানমন্ত্রীর এ সফর নিরাপদ ও নির্বিঘ্ন করতে সব রকমের প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন। নগরের গুরুত্বপূর্ণ স্থান ও স্থাপনাগুলো মেরামত এবং পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। শুক্রবার সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শন করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সেখানে শনিবার নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
সিলেট সফরে এসে বেশকিছু উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন সরকার প্রধান। এরমধ্যে উল্লেখযোগ্য হচ্ছে,পাঁচ হাজার ৬৩৫ কোটি টাকা ব্যয়ে সুরমা নদীর দুই তীরজুড়ে প্রায় ১৫ কিলোমিটার এলাকা সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প। বন্যা ও ভারী বর্ষনজণিত জলাদ্ধতা থেকে নগরীকে মুক্ত করতে এ প্রকল্প নেয়া হয়েছে। এছাড়া বাসিয়া নদীর সদর উপজলোর মাসুকগঞ্জ বাজার থেকে সুনামগঞ্জরে জগন্নাথপুর পর্যন্ত ২৩ কিলোমিটার পুনঃ খনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ খাল পুনঃ খননের মধ্য দিয়ে ৯০ হাজার কৃষক উপকৃত হবেন। শুষ্ক মৌসুমে সেচে সুবিধায় প্রায় ২০ হাজার হেক্টর জমিতে বাড়তি ফসল উৎপাদন হবে। প্রধানমন্ত্রীর প্রটোকল কর্মকর্তা-১ উজ্জ্বল হোসেনের সই করা সফরসূচি অনুসারে শনিবার সকাল ১০টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তারেক রহমান। সাড়ে ১০টায় হযরত শাহজালালের (রহ.) মাজার জিয়ারত করবেন। এরপর বেলা ১১টায় নগরের সুরমা নদীর তীরে চাঁদনীঘাটে সিলেট নগরের জলাবদ্ধতা নিরসনে সিটি করপোরেশন গৃহীত প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং সুধী সমাবেশে যোগ দেবেন।
দুপুর ১২টায় সদর উপজেলার কান্দিগাঁওয়ে বাসিয়া নদী পুনঃ খননের উদ্বোধন করবেন। এরপর বিকেল ৩টায় সিলেট জেলা স্টেডিয়ামে আয়োজিত নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ।পরে বিকেল ৫টায় সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে দলীয় সভায় যোগ দেবেন। দিনের সফর শেষে সন্ধ্যা ৭টায় বিমানে ঢাকার উদ্দেশে রওয়ানা হবেন প্রধানমন্ত্রী। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী বলেন,প্রধানমন্ত্রীর এ সফরের মাধ্যমে সিলেটের অবকাঠামো উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা,শিক্ষা ও স্বাস্থ্যখাতে অগ্রগতি এবং চলমান উন্নয়ন প্রকল্পগুলো নতুন গতি পাবে বলে আমরা আশা করছি।’ সিলেট সিটি করপোরেশনের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী জানান, প্রধানমন্ত্রীর এ সফরের মাধ্যমে পিছিয়ে পড়া সিলেটের উন্নয়ন কার্যক্রমে নতুন গতি আসবে। সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. মঞ্জুরুল আলম বলেন, সফর সূচিভুক্ত স্থান ও শাহজালালের মাজারে ও কর্মসূচির ভেন্যুগুলোতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হবে। এছাড়াও পুরো শহর জুড়ে আইন শৃংখলা বাহিনীর বিশেষ নজরদারী অব্যাহত থাকবে।
সিলেট থেকে আরো পড়ুন
