ছবি : সংগ্রীহিত
বার্তা সিলেট ডেস্ক : দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিনে দফায় দফায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির বার্তা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কয়েকটিজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহও অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।শুক্রবার (২২ মে) অধিদপ্তরের ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়,শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর,ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী,ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আবহাওয়া অফিস জানিয়েছে,খুলনা,যশোর,সাতক্ষীরা ও বাগেরহাট জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
শনিবার (২৩ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে,রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া রাজশাহী,খুলনা ও বরিশালের দু-এক জায়গায়ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে রংপুর,ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি বর্ষণ হতে পারে। রোববারের (২৪ মে) পূর্বাভাসে বলা হয়েছে,রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী,ঢাকা,খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে। তবে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সোমবার (২৫ মে) রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী,ঢাকা,খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। মঙ্গলবারের (২৬ মে) পূর্বাভাসে বলা হয়েছে,রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
বাংলাদেশ থেকে আরো পড়ুন
