ছবি : সংগ্রীহিত
বার্তা সিলেট ডেস্ক : কয়েকটি নদ-নদীর পানি বেড়ে যাওয়ায় সিলেট ও উত্তরাঞ্চলের সাতটি জেলায় স্বল্পমেয়াদি বন্যা হতে পারে বলে আভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। শনিবারের নিয়মিত বুলেটিনে বলা হয়েছে,কুশিয়ারা নদীর পানি সিলেটের ফেঞ্চুগঞ্জে বিপৎসীমার ১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে সিলেট ও সুনামগঞ্জ জেলার নদী সংলগ্ন নিম্নাঞ্চলে আগামী ৭২ ঘণ্টায় স্বল্পমেয়াদী বন্যা হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এছাড়া,তিস্তা নদী নীলফামারীর ডালিয়া পয়েন্টে,সুরমা নদী সুনামগঞ্জের মারকুলি পয়েন্টে,কুশিয়ারা নদী শেরপুর-সিলেট অংশের মৌলভীবাজার পয়েন্টে এবং সোমেশ্বরী নদী নেত্রকোনার কলমাকান্দা পয়েন্টে সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে। বুলেটিনে বলা হয়েছে,গত ২৪ ঘণ্টায় উত্তরাঞ্চলীয় রংপুর বিভাগের তিস্তা ও ধরলা নদীর পানি সমতল স্থিতিশীল আছে,অপরদিকে দুধকুমার নদীর পানি সমতল কমেছে,যা আগামী তিন দিন বাড়তে পারে। আগামী ৭২ ঘন্টায় এসব নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে এবং নীলফামারী,লালমনিরহাট,কুড়িগ্রাম,রংপুর ও গাইবান্ধা জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির উদ্ভব হতে পারে।
বন্যা পূর্বাভাস কেন্দ্র বলছে,গত ২৪ ঘণ্টায় দেশের অভ্যন্তরে সিলেট বিভাগে ভারি থেকে অভিভারি এবং উজানে ভারতের মেঘালয় ও অরুণাচল প্রদেশে ভারি বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে। আবহাওয়া সংস্থাগুলোর বরাত দিয়ে বন্যা পূর্বাভাস কেন্দ্র বলছে,রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগ এবং তৎসংলগ্ন উজানে ভারতের পশ্চিমবঙ্গ,আসাম ও মেঘালয় প্রদেশে আগামী পাঁচ দিন ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। বন্যা পূর্বাভাস কেন্দ্র বলছে, গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি সমতল বেড়েছে,যা আগামী পাঁচ দিন অব্যাহত থাকতে পারে। ৩০ জুন থেকে ২ জুলাই পর্যন্ত ব্রহ্মপুত্র নদ ও যমুনা নদী কুড়িগ্রাম,গাইবান্ধা,জামালপুর,বগুড়া, সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলায় সতর্কসীমায় প্রবাহিত হতে পারে এবং নদীসংলগ্ন নিম্নাঞ্চল কোথাও কোথাও প্লাবিত হতে পারে। বন্যা পূর্বাভাস কেন্দ্র বলছে,গত ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলের কুশিয়ারা নদীর পানি সমতল বেড়েছে,অন্যদিকে সুরমা নদীর পানি সমতল কমেছে,যা আগামী তিন দিন বাড়তে পারে। এছাড়াও,গত ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলীয় সিলেট ও ময়মনসিংহ বিভাগের খোয়াই ও সোমেশ্বরী নদীর পানি সমতল বেড়েছে। অন্যদিকে মনু ও ধলাই নদীর পানি সমতল কমেছে।
সিলেট থেকে আরো পড়ুন
