নবীগঞ্জে সন্ত্রাস দমন আইনের মামলায় ছাত্রলীগ নেতা তপু তার সহযোগী শাহ জুয়েল গ্রেপ্তার
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬ ০৮:৫০
সন্ত্রাস দমন আইনে গ্রেপ্তার উপজেলা ছাত্রলীগ নেতা শাহ তপু আহমেদ।
ষ্টাফ রিপোর্টার : নবীগঞ্জে সন্ত্রাস দমন আইনে দায়েরকৃত মামলায় উপজেলা ছাত্রলীগ নেতা শাহ তপু আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল দুপুরে উপজেলার আউশকান্দি ইউনিয়নের উমরপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গত ১৮ সেপ্টেম্বর পুলিশের দায়েরকৃত মামলায় এসআই নুর আলম ও সাইফুলের নেতৃত্বে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাঁকে থানার হাজতখানায় দেখতে আসা তার সহযোগী শাহ জুয়েল এসময় মোবাইল ফোনে কয়েক সেকেন্ডের একটি ভিডিও ধারন করে। ধারনকৃত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপলোড দেয়ার প্রাক্ষালে পুলিশ তাকে তাৎক্ষণিক আটক করে। এসময় তাঁর নিকট থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত শাহ তপু আহমেদ উরমপুর গ্রামের ফিরোজ মিয়ার পুত্র।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়,গত মাসের ১৮ সেপ্টম্বর নবীগঞ্জ পৌর শহরের কলেজ রোডস্থ এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী-যুবলীগের একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। কয়েক মিনিটের ওই মিছিলে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেপ্তার করে। এঘটনায় ৩০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা শতাধিক লোকদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়। ১৮/০৯/২০২৬,সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ (সংশোধনী/২০১৩) এর ৯(৩)/১০/১১/১২/১৩ ধারা মোতাবেক একটি নিয়মিত মামলা রুজু হয়। থানার মামলা নং-২০। পুলিশের দায়েরকৃত ওই মামলায় গতকাল দুপুরে অভিযান চালিয়ে উপজেলা ছাত্রলীগ নেতা শাহ তপুকে গ্রেপ্তার করে পুলিশ। নবীগঞ্জ থানার হাজত খানায় তাঁকে দেখতে আসা একই গ্রামের শুকর উদ্দিনের পুত্র শাহ জুয়েল আহমদকেও ভিডিও ধারন ও ফেসবুকে আপলোড দেয়ার অভিযোগে আটক করা হয়। গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে থানার ওসি মোঃ আবুল হোসেন বলেন,দেশের আইন শৃংখলার উন্নতি ও শান্তি শৃংখলা রক্ষায় চলমান অভিযান অব্যাহত থাকবে।
সিলেট থেকে আরো পড়ুন
