সিলেট

নবীগঞ্জে হালিতলার মতব্বিরের লিবিয়া কারাগারে মৃত্যু,পরিবারে শোকের ছায়া

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬ ০৫:০৬

 

ষ্টাফ রিপোর্টার : নবীগঞ্জে হালিতলা গ্রামের মৃত আওর বখতের পুত্র মতব্বির হোসেন (৪৫) এর মৃত্যুর খবর পাওয়াগেছে। মধ্যপ্রাচ্যের দেশ লিবিয়া থেকে ইউরোপে যাত্রার স্বপ্ন নিয়ে মোতাব্বির হোসেন লিবিয়া যাত্রা করেন। সেখানে তিনি কারাগারে আটক হন। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। লিবিয়া থেকে নির্ভরযোগ্য একটি সূত্র তার পরিবারকে এখবর নিশ্চিত করে। এখবরে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পারিবার ও স্থানীয় সূত্র জানায়,মতব্বির হোসেন ইউরোপের দেশ গ্রিসে যাওয়ার আশায় লিবিয়ায় অবস্থান করছিলেন। একপর্যায়ে তিনি দেশটির কারাগারে আটক হন। সেখানে জটিল অসুস্থতায় আক্রান্ত হলে তাঁকে হাসপাতালে নেয়া হয়। পরে লিবিয়ার একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। মতব্বির হোসেন হালিতলা বারইকান্দি গ্রামের সাংবাদিক আবু তালেবের চাচাতো ভাই ও আপন বোনের স্বামী। তাঁর মৃত্যুর খবর বাড়িতে পৌঁছালে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। শোকাহত পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে এগিয়ে আসছেন আত্মীয়স্বজন ও এলাকার মানুষ। ওদিকে,তাঁকে বিদেশে নেয়ার সঙ্গে জড়িত দালালচক্রের বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। তাঁর মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে নিশ্চিত  কোন তথ্য পাওয়া যায়নি।

সিলেট থেকে আরো পড়ুন