বিসিবি পরিচালক এম নাজমুলকে কারণ দর্শানোর নোটিশ : ক্রিকেটারদের আল্টিমেটাম
প্রকাশ: ১৫ জানুয়ারী ২০২৬ ০২:০৪
বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম
বার্তা সিলেট ডেস্ক : বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জবাবের জন্য ৪৮ ঘণ্টা সময় বেঁধে দেয়া হয়েছে। তার ব্যাখ্যা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেয়া হবে। পাশাপাশি বিপিএলের চূড়ান্ত পর্ব নির্বিঘ্নে শেষ করতে ক্রিকেটারদের সহায়তা চাওয়া হয়েছে।
বিসিবি সূত্র জানায়,বুধবার বিকেলে বিসিবি পরিচালক ও অর্থ কমিটির প্রধান এম নাজমুল টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেললে ক্রিকেটারদের ক্ষতি বিষয়ক সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, তারা গিয়ে যদি কিছুই করতে না পারে, তাহলে ওদের পিছনে আমরা যে কোটি কোটি টাকা খরচ করছি,ওই টাকা ফেরত চাচ্ছি নাকি। এ ছাড়া কয়েকদিন আগে তামিম ইকবালকে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ভারতীয় দালাল’ বলে আপত্তিকর মন্তব্য করেন তিনি।
একের পর এক এমন আপত্তিকর মন্তব্যের কারণে নাজমুল ইসলামকে বৃহস্পতিবার দুপুর একটায় বিপিএলের ম্যাচের আগে পদত্যাগের আল্টিমেটাম দিয়েছেন ক্রিকেটাররা। তিনি পদত্যাগ না করলে সব ধরনের খেলা বন্ধের হুঁশিয়ারি দেয়া হয়েছে। বুধবার রাতে জুমে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়,ক্রিকেটারদের নিয়ে নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এসব ঘটনায় বুধবার রাতেই নিজেদের অবস্থান পরিষ্কার করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ড স্পষ্ট জানিয়েছে, কোনো পরিচালকের ব্যক্তিগত মন্তব্যের দায় বিসিবি বহন করবে না এবং ক্রিকেটের ভাবমূর্তি ক্ষুণ্ণ হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে,বোর্ডের একজন সদস্যের সাম্প্রতিক কিছু মন্তব্য অনুচিত,আপত্তিকর এবং খেলোয়াড়দের জন্য কষ্টদায়ক হতে পারে। এ ধরনের বক্তব্যের জন্য বোর্ড আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। বিসিবি মনে করে, এ সব মন্তব্য বোর্ডের মূলনীতি ও পেশাদারিত্বের সঙ্গে মোটেও সামঞ্জস্যপূর্ণ নয়। বোর্ড তার বিজ্ঞপ্তিতে পুনর্ব্যক্ত করেছে যে, ক্রিকেটাররাই বাংলাদেশ ক্রিকেটের মূল কেন্দ্রবিন্দু। অতীতে এবং বর্তমানে যারা দেশের জন্য অবদান রেখেছেন, তাদের প্রতি বিসিবির পূর্ণ সম্মান ও সমর্থন রয়েছে।
খেলাধুলা থেকে আরো পড়ুন
