ইমাম-মুয়াজ্জিনদের প্রতিমাসে সম্মানি প্রদান করা হবে : তারেক রহমান
প্রকাশ: ২৯ জানুয়ারী ২০২৬ ১০:২২
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
বার্তা সিলেট ডেস্ক : বিগত আওয়ামীলীগ সরকার মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ১৭ বছর থাকতে পারিনি। তাহলে এতো বছর দেশের উন্নয়ন কী হয়নি? যেখানে যাই,সবাই বিভিন্ন বিষয়ে আবদার করে। তবে হুট করে প্লেনে চড়ে পালিয়ে যাওয়ার কোন জায়গা আমাদের নেই।’বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় নওগাঁ শহরের এটিম মাঠে জেলা বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায় যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, গত ১৬ বছর বাংলাদেশের মানুষের ভাগ্যের কোন উন্নয়ন ও পরিবর্তন হয়নি। আমরা গ্রামের মানুষের উন্নয়ন ও ভাগ্য পরিবর্তন করতে চাই। নারীদের ভাগ্য পরিবর্তন করতে চাই। মানুষ যেন নিরাপদ পথেঘাটে হাটতে পারে এবং নিরাপদে ঘুমাতে পারে সে লক্ষ্যে কাজ করা হবে।’
তিনি বলেন,কৃষকদের ভালো রাখলে বাংলাদেশ ভালো থাকবে। শহীদ জিয়া কৃষকদের ৫ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণের সুদ মওকুফ করে দিয়েছিলেন। আমরা ১০ হাজার টাকা পর্যন্ত মওকুফ করে দিবো। সকল কৃষকদের কৃষি কার্ড পর্যায়ক্রমে দেয়া হবে। ফসলের যাবতীয় বীজ-সার পৌঁছে দেওয়ার চেষ্টা করবো। যাতে তার অর্থনীতির ভিত্তি শক্ত হয়। কৃষকদের খরচ কমাতে ফসল ঢাকায় নিতে রেল ব্যবস্থার প্রতি গুরুত্ব দেয়া হবে এবং ট্রেনে চড়ে মানুষ সহজে ঢাকা যেতে পারে। নির্বাচিত হলে পরের দিন থেকে এলাকার উন্নয়নে কাজ শুরু করব। নারীদের উদ্দেশ্যে তিনি বলেন,মায়েদের স্বাস্থ্যসেবার জন্য ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। যা দিয়ে সরকারের পক্ষ থেকে প্রতিমাসে একটা সুবিধা দেয়া হবে। গ্রাম-গঞ্জে মায়েরা ভাল চিকিৎসা সেবা পান না। এজন্য গ্রামে হেলথ কেয়ার করা হবে। যাতে ছোট অসুখ ঘরে বসে নিরাময় করতে পারে।
সারাদেশে বহুত শিক্ষিত ছেলেমেয়ে আছে। যেহেতু এটা কৃষি অঞ্চল এবং কলকারখানা আছে। প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করলে তাদের কর্মসংস্থান বাড়বে। আইটি সেক্টরে গুরুত্ব দেয়া হবে। বিভিন্ন বিদেশি কোম্পানির সঙ্গে কথা হয়েছে তারা দেশে আসতে চায়। সেখানে আইটি অভিজ্ঞরা কাজ করতে পারেন। তিনি বলেন,ইমাম-মুয়িাজ্জিনদের প্রতিমাসে সম্মানি প্রদান করা হবে। সরকার গঠন করা হলে দাবিগুলো আস্তে আস্তে বাস্তবায়ন করা হবে। আর এ লক্ষ্যে আগামী ১২ ফেব্রুয়ারিতে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে। জুলাই-আগস্টে যারা গুম,খুনের শিকার ও আহত হয়েছে তাদের অনেক ত্যাগ রয়েছে। ষড়যন্ত্র এখনও শেষ হয়নি। একপক্ষ চলে গেছে,আরেক পক্ষ আছে। এজন্য ব্যালট বাক্স পাহারা দিতে হবে। তাহাজ্জুদ নামাজ পড়ে ভোট কেন্দ্র পাহারা দিতে হবে।
রাজনীতি থেকে আরো পড়ুন
