ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।
বার্তা সিলেট ডেস্ক : ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, ৫ আগস্ট দেশ গঠনের একটি সুযোগ তৈরি হয়েছিল। সেই সুযোগ কাজে লাগিয়ে ইসলামের পক্ষে একটি আলাদা বাক্স দেওয়ার দাবি আমরা জানিয়েছিলাম। কিন্তু সেই পরিবেশ তৈরি হওয়ার পর একটি স্বার্থান্বেষী মহল ক্ষমতার লোভে সেই বাক্স ছিনিয়ে নেয়। এরপর তারা আবার প্রচলিত সেই পুরনো ব্যবস্থার কথাই বলছে।’
সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে কুড়িগ্রাম-৪ আসনের রৌমারী উপজেলার সি জি জামান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন। চরমোনাই পীর বলেন, সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে দেশ স্বাধীন হলেও সে আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়িত হয়নি। এই দেশ একবার-দুইবার নয়,তামাম দুনিয়ায় দুর্নীতিতে পাঁচবার শীর্ষে উঠে এসেছে। যারা এতদিন দেশ পরিচালনা করেছে, তাদের শাসনে হাজার হাজার মায়ের বুক খালি হয়েছে। তাদের আমলেই দেশের টাকা বিদেশে পাচার হয়ে বেগমপাড়া’ তৈরি হয়েছে এবং বিদেশি শক্তির তাঁবেদারি করা হয়েছে।
তিনি বলেন,জামায়াতের নেতারা ইনসাফ প্রতিষ্ঠার কথা বললেও কোন নীতি ও আদর্শের ভিত্তিতে সেই ইনসাফ প্রতিষ্ঠা হবে,তা জাতি জানতে চায়। ইসলাম, দেশ ও দেশের মানুষের স্বার্থে আমরা একসাথে পথচলা শুরু করেছিলাম। কিন্তু সেই স্বার্থ যখন বিলীন হয়ে গেল,তখন আমরা একা হয়ে গেলাম। তবে আমরা একা নই,আমাদের সঙ্গে আল্লাহ রয়েছেন। জনসভায় কুড়িগ্রাম-৪ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী অধ্যাপক হাফিজুর রহমান হাফিজসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রাজনীতি থেকে আরো পড়ুন
