হাওড় থেকে যুক্তরাজ্য প্রবাসী পোড়া লাশ উদ্ধার
জকিগঞ্জ প্রতিনিধি : সিলেটের জকিঞ্জ উপজেলার হাওড় থেকে যুক্তরাজ্য প্রবাসী পোড়া লাশ উদ্ধার করেছে পুলিশ। ৩ ফেব্রুয়ারী মঙ্গলবার দুপুরে ওই ব্যাক্তির লাশ উদ্ধার করা হয়। তিনি সিলেট নগরীর আম্বরখানা এলাকার ৩৪/৪১ নম্বর বাসায় বসবাস করতেন।
নিহত বুরহান উদ্দিন (৫৯) সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার বাসিন্দা। পুলিশ জানায়,বুরহান উদ্দিন গত ৩০ জানুয়ারি সিলেটের বিমানবন্দর থানা এলাকা থেকে নিখোঁজ হন। এ ঘটনায় বিমানবন্দর থানায় একটি নিখোঁজের সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল। আজ মঙ্গলবার বেলা দুইটার দিকে জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের সাতঘরি ও বিলপার এলাকার মধ্যবর্তী কোনারবন্দ হাওর থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় লোকজন হাওরে লাশটি পড়ে থাকতে দেখে জকিগঞ্জ থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এসময় লাশটি আগুনে পোড়া ছিল। একটি পায়ে দড়ি বাঁধা ও গলায় কাপড় বাঁধা অবস্থায় ছিল। লাশের পাশে একটি লবণের প্যাকেটও পাওয়া গেছে।
জকিগঞ্জ থানার ওসি আবদুর রাজ্জাক বলেন,পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) দল ঘটনাস্থলে গিয়ে নিহত ব্যক্তির আঙুলের ছাপ সংগ্রহ করে পরিচয় শনাক্ত করেছে। সুরতহাল প্রতিবেদন শেষে লাশটি ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদ্ঘাটনে আইন শৃংখলা বাহিনীর একাধিক টিম মাঠে কাজ করছে।শীঘ্রই এঘটনার রহস্য উদঘাটনের আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সিলেট থেকে আরো পড়ুন
