সিলেট

মাধবপুরে ধর্ষণ চেষ্টার অভিযোগ : বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

প্রকাশ: ২৮ জানুয়ারী ২০২৬ ১২:৩২

প্রতিকী ছবি

 

মীর দুলাল : হবিগঞ্জের মাধবপুরে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে থানায় মামলা হয়েছে। অভিযুক্ত বিএনপি নেতা চৌমুহনী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম। তবে তিনি অভিযোগ অস্বীকার করে উল্টো ভুক্তভোগীর বিরুদ্ধে প্রতারণার মামলা করেছেন। মামলা ও পুলিশ সূত্র জানায়,২৮ জানুয়ারি বুধবার রাতে ধর্ষণচেষ্টার অভিযোগটি এফআইআর হিসেবে গ্রহণ করা হয়। মামলা তদন্ত করছেন কাশিমনগর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক হরিধন দেবনাথ। অভিযোগে বলা হয়েছে, ভুক্তভোগী নারী মাহফুজা আক্তার নুসরাত জাহাঙ্গীর আলমের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন। বসবাসের সময় বিভিন্ন সুযোগে জাহাঙ্গীর আলম তাকে কুপ্রস্তাব দেন। একপর্যায়ে হঠাৎ একদিন তাকে ধর্ষণের চেষ্টা করেন। ভুক্তভোগীর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন।

অভিযুক্ত জাহাঙ্গীর আলম অভিযোগ অস্বীকার করে বলেন,তার বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত ভাবে বিশেষ একটি মহল ষড়যন্ত্র করছে। তিনি বলেন,ওই নারী একজন প্রতারক এবং তার কাছ থেকে টাকা আদায়ের উদ্দেশ্যেই মিথ্যা মামলা করেছে। এ ঘটনায় তিনি নিজেও ভুক্তভোগীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা করেছেন। যা বর্তমানে মাধবপুর থানায় তদন্তাধীন রয়েছে।এনিয়ে স্থানীয় বিএনপি নেতা সোহেল মাহমুদ বলেন,দলের নাম ব্যবহার করে কেউ যদি অপরাধে জড়ায়,তার দায় দল নেবে না। যেহেতু মামলা হয়েছে, তাই নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য বেরিয়ে আসবে বলে তারা আশা করেন তিনি।স্থানীয় ব্যবসায়ী ও স্বেচ্ছাসেবক দল নেতা জুয়েল মিয়া বলেন,মামলাটি হওয়ায় তারা সন্তুষ্ট। এখন তাদের প্রত্যাশা,সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত হবে। এনিয়ে মাধবপুর থানার ওসি মাহবুব মোরশেদ খান বলেন,উভয় পক্ষের দায়ের করা মামলাই তদন্ত হচ্ছে। নিরপেক্ষ তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সিলেট থেকে আরো পড়ুন