বাংলাদেশ

‘গ্রিন সিটি,ক্লিন সিটি’গড়তে প্রশাসকদের নির্দেশ,তদারকি করবেন প্রধানমন্ত্রী

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারী ২০২৬ ০১:০১

প্রধানমন্ত্রী তারেক রহমান।

 

 বার্তা সিলেট ডেস্ক : পরিচ্ছন্ন সিটি গড়তে প্রশাসকদের নির্দেশ,তদারকি করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের সিটি কর্পোরেশনগুলোতে নবনিযুক্ত প্রশাসকরা প্রধানমন্ত্রী এবং সরকারের উচ্চপর্যায়ের মন্ত্রীদের সাথে গুরুত্বপূর্ণ বৈঠকে কর্মপরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন। দেশের ৬ সিটি কর্পোরেশনের প্রশাসকরা প্রথমে স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে দেখা করেন। এরপর তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে মিলিত হন।সাক্ষাৎ শেষে সিলেটের প্রশাসক এম এ কাইয়ুম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান একটি আধুনিক ও বাসযোগ্য নগরী গড়ার লক্ষ্যে ‘গ্রিন সিটি, ক্লিন সিটি’ (সবুজ ও পরিচ্ছন্ন শহর) ধারণাটি দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন।

বিশেষ করে মশক নিধন,পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং ব্যাপক হারে বৃক্ষরোপণের ওপর সর্বোচ্চ গুরুত্ব দিতে বলেছেন প্রধানমন্ত্রী । আগামী ৬ মাসের মধ্যে একটি পরিচ্ছন্ন ও সবুজ নগরী গড়ে তোলার জন্য কার্যকর কর্মপরিকল্পনা জমা দিতে প্রশাসকদের নির্দেশ দেয়া হয়েছে। প্রধানমন্ত্রী নিজেই সিটি কর্পোরেশনের কাজের অগ্রগতি দেখতে বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন। একই সাথে সিটি কর্পোরেশনের উন্নয়ন কর্মকাণ্ডের বাস্তব চিত্র এবং কাজের অগ্রগতি সরাসরি পর্যবেক্ষণ করতে মাঠ পর্যায়ে পরিদর্শনে যাবেন তারেক রহমান। প্রশাসকরা জানিয়েছেন,স্থানীয় সরকার মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী তারা ইতোমধ্যেই ৬ মাসের বিশেষ পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছেন। জনভোগান্তি কমিয়ে একটি স্বচ্ছ ও সুন্দর নগরী উপহার দিতে তাঁরা অঙ্গীকার ব্যক্ত করেন।

বাংলাদেশ থেকে আরো পড়ুন