বার্তা সিলেট ডেস্ক : পাইলট প্রকল্পের অংশ হিসেবে চলতি মাহে রমজান শেষে পবিত্র ঈদুল ফিতর থেকেই সারাদেশে ইমাম-মুয়াজ্জিন-খতিবদের বিশেষ ভাতা দেবে সরকার। নির্বাচনের প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী ভাতা দেয়ার উদ্যোগ নেয়া হচ্ছে। তবে এই সম্মানী কত টাকা তা সরকার এখনও নির্ধারণ করেনি। তবে ঈদের আগেই কয়েকটি এলাকায় এই কার্যক্রম শুরুর কথা সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। আজ শনিবার দুপুরে তেজগাঁও প্রধানমন্ত্রীর কার্যালয়ের গেইটে তার উপদেষ্টা মাহদী আমিন সাংবাদিকদের এসব কথা জানান৷ স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী শাহ আলমকে পাশে রেখে মাহদী বলেন,নির্বাচনের আগে বিএনপির অন্যতম প্রতিশ্রুতি ছিল মসজিদের ইমাম-মুয়াজ্জিন-খতিবসহ বিভিন্ন ধর্মগুরুদের সম্মানী ভাতা দেয়া হবে।
সেই ধারাবাহিকতার অংশ হিসেবে বিএনপি সরকার ঈদুল ফিতরের আগেই প্রাথমিকভাবে এই কার্যক্রম শুরু করবে৷ পর্যায়ক্রমে সারা দেশে তা চালু হবে৷ কত টাকা সম্মানি ভাতা প্রদান করা হবে জানতে চাইলে তিনি বলেন,আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে তা চূড়ান্ত করা হবে। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রেস সচিব সালেহ শিবলী বলেন,আজ ছিল তারেক রহমানের ৩য় কর্মদিবস। নির্বাচনের প্রতিশ্রুতি বাস্তবায়নে বেশকিছু দিকনির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।
বাংলাদেশ থেকে আরো পড়ুন
