ছবি : সংগ্রীহিত
বার্তা সিলেট ডেস্ক : পবিত্র রামাদ্বান মাসে মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার বিষয়ে হাইকোর্টের সুনির্দিষ্ট নির্দেশনা এলেও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছুটি নিয়ে এখনো কোনো স্পষ্ট বার্তা মেলেনি। এতে শিক্ষার্থী,অভিভাবক ও শিক্ষকদের মধ্যে চরম ধোঁয়াশা তৈরি হয়েছে।জানা গেছে,শিক্ষা মন্ত্রণালয় হাইকোর্টের নির্দেশনার বিরুদ্ধে আপিল করলেও এখনো শুনানি হয়নি। ফলে রোজায় স্কুলে কবে থেকে ছুটি শুরু হবে,তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়,পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ৮ মার্চ থেকে ছুটি শুরুর কথা ছিল। কিন্তু এক রিটের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ হাইকোর্ট ১৮ ফেব্রুয়ারি থেকে দেশের নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ দেন। পরে চেম্বার আদালত সেই আদেশ স্থগিত করেন।
সূত্র আরো জানায়,যেহেতু চেম্বার আদালতে আগের নির্দেশনা স্থগিত হয়েছে,তাই আপাতত স্কুল খোলা থাকবে। আপিলের শুনানির পর আদালত যে নির্দেশনা দেবেন, সেটিই কার্যকর হবে। যদি আপিলে স্কুল বন্ধের নির্দেশ আসে,তাহলে সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।ওদিকে,মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)-এর এক কর্মকর্তা জানান,হাইকোর্টের আগের নির্দেশনা স্থগিত থাকায় মাধ্যমিক বিদ্যালয়ে স্বাভাবিক ক্লাস কার্যক্রম চলবে।পরবর্তী নির্দেশনা এলে সে অনুযায়ী সিদ্ধান্ত নেয়া হবে। শিক্ষা মন্ত্রণালয়ের বাৎসরিক ছুটির তালিকা অনুযায়ী,আগামী ৭ মার্চ পর্যন্ত মাধ্যমিক স্তরের স্কুল খোলা থাকবে এবং ৮ মার্চ থেকে ছুটি শুরু হওয়ার কথা রয়েছে। তবে এ সিদ্ধান্তে অনেক অভিভাবক ও শিক্ষক ক্ষোভ প্রকাশ করেছেন। তারা রামাদ্বানের শুরু থেকেই শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের দাবি জানিয়েছেন। সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো রামাদ্বানের প্রথমার্ধ খোলা থাকবে। প্রাথমিকের বাৎসরিক ছুটির তালিকা অনুযায়ী,৮ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত ছুটি নির্ধারিত রয়েছে। ওদিকে,গতকাল সন্ধায় মাউশি এক বিজ্ঞপ্তিতে জানায় আগামীকাল প্রথম রমজান থেকেই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
শিক্ষা থেকে আরো পড়ুন
