তেলের কৃত্রিম সংকট দেখিয়ে অবৈধ মজুতদারদের বিরুদ্ধে কঠোর অবস্থান।
বার্তা সিলেট ডেস্ক : সারাদেশে জ্বালানি তেলের কৃত্রিম সংকট দেখিয়ে অবৈধ মজুতদারদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সরকার। তেল অবৈধভাবে মজুত করার সুনির্দিষ্ট তথ্য দিলেই সংশ্লিষ্ট ব্যক্তিকে পুরস্কৃত করা হবে বলে জানিয়েছে বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। শুক্রবার (২৭ মার্চ) বিকালে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। মন্ত্রণালয় জানায়,জ্বালানি তেলের সরবরাহ তদারকি করতে ইতোমধ্যে দেশের সব জেলায় ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে। অবৈধ মজুতদারি বন্ধে যারা তথ্য দিয়ে সহায়তা করবেন,তাদের আনুষ্ঠানিকভাবে পুরস্কারের ঘোষণা দেয়া হবে। এ লক্ষ্যে সচেতন নাগরিকদের সুনির্দিষ্ট অভিযোগ ও পরামর্শ প্রদানের জন্য অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।
ওদিকে,অবৈধ মজুতদারি রুখতে মাঠপর্যায়ে সাঁড়াশি অভিযান শুরু হয়েছে। আজ চট্টগ্রামের পতেঙ্গায় অভিযান চালিয়ে ৩০টি ড্রামে অবৈধভাবে মজুত করা আনুমানিক ৬ হাজার লিটার ডিজেল উদ্ধার করা হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে,জ্বালানি খাতে শৃঙ্খলা বজায় রাখা,সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখা এবং অবৈধ মজুত প্রতিরোধে জেলা প্রশাসন কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। দেশের সকল তেল ডিপো,পেট্রল পাম্প ও সংশ্লিষ্ট তেল কারবারিরা প্রশাসনের নিবিড় নজরদারির আওতায় রয়েছে।
বাংলাদেশ থেকে আরো পড়ুন
