বাংলাদেশ

ড. ইউনুস সরকারের ১৩৩ অধ্যাদেশ আজই সিদ্ধান্ত : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ: ২৯ মার্চ ২০২৬ ১০:৫৮

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

 

বার্তা সিলেট ডেস্ক : ড. ইউনুস সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশের বিষয়ে আজ রোববার রাতে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সরকারি দলের সংসদীয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। মন্ত্রী জানান,অধ্যাদেশ যাচাই-বাছাইসংক্রান্ত সংসদীয় বিশেষ কমিটির বৈঠক আজ রাতে অনুষ্ঠিত হবে। ১৩৩টি অধ্যাদেশের বিষয়ে রাতে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে। ওদিকে,বিশেষ কমিটির সভাপতি জয়নুল আবেদীন জানিয়েছেন, ১৩৩ টি অধ্যাদেশের মধ্যে ২৪টি অধ্যাদেশ নিয়ে এখনো ঐকমত্য হয়নি। সে গুলো নিয়ে আজ বিশেষ কমিটিতে আলোচনা হবে।

ত্রয়োদশ সংসদের প্রথম দিনের অধিবেশনে এই বিশেষ কমিটি গঠন করা হয়। সেদিন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশ সংসদে উত্থাপন করেন। পরে চিফ হুইপ নূরুল ইসলাম মনি বরিশাল-৩ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদীনের নেতৃত্বে ১৩ সদস্যের একটি বিশেষ কমিটি গঠনের প্রস্তাব দেন। কণ্ঠভোটে তা অনুমোদন হয়। অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা এসব অধ্যাদেশের মধ্যে রয়েছে বাংলাদেশ ব্যাংক সংশোধন,গণভোট,সাইবার সুরক্ষা,পুলিশ কমিশন এবং জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন-সংক্রান্ত অধ্যাদেশও। এনিয়ে গত ২৪ ও ২৫ মার্চও বিশেষ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।

 

বাংলাদেশ থেকে আরো পড়ুন