ছবি : সংগ্রীহিত
বার্তা সিলেট ডেস্ক : ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে এই দাবি করা হয়েছে। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজের বরাতে বলা হয়,তেহরান যুক্তরাষ্ট্রের দেয়া ৪৮ ঘণ্টার একটি যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। নাম প্রকাশ না করে ওই সূত্রটি জানায়,গত বুধবার একটি বন্ধু দেশের মাধ্যমে এ প্রস্তাব পাঠানো হয়েছিল। দেশটির নাম প্রকাশ করা হয়নি। তবে সেই প্রস্তাব বা এর সত্যতা নিয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনও মন্তব্য বা নিশ্চিতকরণ তথ্য পাওয়া যায়নি।
প্রতিবেদন অনুযায়ী,মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনী যখন ক্রমাগত উত্তেজনা ও চ্যালেঞ্জের মুখে পড়ছে,তখনই এই প্রস্তাব সামনে আসে। বিশেষ করে কুয়েতের বুবিয়ান দ্বীপে একটি মার্কিন সামরিক গুদামে হামলার পর যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক তৎপরতা আরও জোরালো হয়। ইরান এই প্রস্তাবের কোনও লিখিত জবাব দেয়নি,বরং হামলার তীব্রতা বাড়িয়ে মাঠেই এর পাল্টা জবাব দিয়েছে। উল্লেখ্য,গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের ওপর হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তাৎক্ষণিকভাবে পাল্টা জবাব দেয় ইরানও। দেশটি ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনায় ভয়াবহ হামলা চালায়। এতে গোটা মধ্যপ্রাচ্য অগ্নিগর্ভে পরিণত হয়। এছাড়া বিশ্ব জালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালি বন্ধ করে দেয় ইরান। এতে বিশ্বের জ্বালানি তেলের বাজারে চরম অস্থিরতা দেখা দিয়েছে। সূত্র : রয়টার্স,আনাদোলু এজেন্সি,সিনহুয়া,মিডল ইস্ট মনিটর,
আন্তর্জাতিক থেকে আরো পড়ুন
