ইরান অভিযানে মার্কিন স্পেশাল ফোর্সের সেনারা : দ্য টেলিগ্রাফ
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬ ০১:৫৬
ছবি : সংগ্রীহিত
বার্তা সিলেট ডেস্ক : ভূপাতিত যুদ্ধবিমানের নিখোঁজ ক্রুকে খুঁজে বের করতে ইরানে অভিযান শুরু করেছে মার্কিন স্পেশাল ফোর্সের সেনারা। স্থানীয় সময় শুক্রবার রাতে তারা দেশটিতে ঢুকে পড়ার খবর দিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ। শুক্রবার দিনের শুরুতে যুক্তরাষ্ট্রের এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করে ইরান। ওই বিমানে দু’জন ক্রু ছিলেন। তাদের একজনকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অভিযান চালিয়ে উদ্ধার করা হয়। এই অভিযানে অংশ নেয়া মার্কিন হেলিকপ্টারকে টার্গেট করে গুলি ছোড়ে ইরানের পুলিশ। এতে একটি হেলিকপ্টারের লেজের অংশে আগুন ধরে যায় এবং সেখান থেকে ধোঁয়া বের হয়। এর পরও হেলিকপ্টারটি নিরাপদ অবতরণে সমর্থ হয়।
যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্সের সেনারা যখন তাদের ক্রুকে উদ্ধারের জন্য মরিয়া চেষ্টা চালাচ্ছে,তখন ওই ক্রুকে ধরতে পাল্টা অভিযান চালাচ্ছে ইরানি মিলিশিয়ারা। তবে রিপোর্ট লেখা পর্যন্ত তার কোনও খোঁজ পাওয়া যায়নি। ইরানের রাষ্ট্রীয় টিভিতে এক ঘোষণায় বলা হয়েছে,যদি কেউ মার্কিন বিমানবাহিনীর এই পাইলটকে জীবিত অথবা মৃত অবস্থায় আটক করতে পারে তাহলে তাকে ৬৬ হাজার ডলার পুরস্কার দেয়া হবে। শুক্রবার এফ-১৫ এর পাশাপাশি যুক্তরাষ্ট্রের একটি এ-১০ ওয়ার্থগ যুদ্ধবিমানও ভূপাতিত করার দাবি করে ইরানি সেনারা। এটি হরমুজ প্রণালির কাছে পারস্য উপসাগরে আছড়ে পড়েছে বলে দাবি করে তারা। সূত্র : দ্য টেলিগ্রাফ, বিবিসি, আল-জাজিরা
আন্তর্জাতিক থেকে আরো পড়ুন
