সিলেট

নবীগঞ্জে ট্রাকচাপায় সিএনজি চালক নিহত

প্রকাশ: ২১ জুন ২০২৬ ০৮:০৪

 

নবীগঞ্জ প্রতিনিধি : ঢাকা-সিলেট মহাসড়কের আউশকান্দি কিবরিয়া চত্বরে পারাপারের সময় ট্রাকচাপায় সোহেল মিয়া (৪৫) নামে এক সিএনজি অটোরিকশা চালক নিহত হয়েছে। নিহত সোহেল মিয়া উপজেলার কুর্শি ইউনিয়নের কুর্শি গ্রামের জব্বার উল্লাহর পুত্র। এ ঘটনার প্রতিবাদে সিএনজি শ্রমিকরা মহাসড়ক অবরোধ করলে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। রোববার ভোরে উপজেলার আউশকান্দি কিবরিয়া চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  পুলিশ জানায়,প্রতিদিনের মতো ভোরে জীবিকার তাগিদে সিএনজি অটোরিকশা নিয়ে বের হন সোহেল মিয়া। পরে আউশকান্দি কিবরিয়া চত্বর এলাকায় অটোরিকশা রেখে চা পান করার উদ্দেশ্যে মহাসড়কের অপর পাশে যাওয়ার সময় তিনি সড়ক পারাপার করছিলেন।

এ সময় ঢাকা থেকে সিলেটগামী মাছবোঝাই একটি দ্রুতগতির ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে ট্রাকটি আটক করা হয়।এ ঘটনার প্রতিবাদে আউশকান্দি এলাকায় সিএনজি শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন। এতে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে এবং সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে নবীগঞ্জ থানা ও শেরপুর হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়। শেরপুর হাইওয়ে থানার ওসি মো. আনিছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,দুর্ঘটনায় জড়িত ট্রাকটি আটক করা হয়েছে এবং এ বিষয়ে আইনী পদক্ষেপ নেয়া হচ্ছে।

 

সিলেট থেকে আরো পড়ুন