সিলেট

কানাইঘাটে সুরমানদীর অবৈধ বাঁধ অপসারণ

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারী ২০২৬ ১১:১১

সুরমা নদীর উপর নির্মিত অবৈধ বাঁধ অপসারণ করেছে প্রশাসন।

 

কানাইঘাট প্রতিনিধি : কানাইঘাটের সাতবাঁক ইউনিয়নের চরিপাড়া লোভারমুখ নামক স্থানে সুরমা নদীর উপর নির্মিত অবৈধ বাঁধ অপসারণ করেছে প্রশাসন। ওই বাঁধ দিয়ে যান চলাচাল করত। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারী) বিকেল ৩টায় উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট তাপস চক্রবর্তী তুষারের নেতৃত্বে এক যৌথ অভিযানে এ বাধঁ অপসারণ করা হয়। উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্র জানায়,লোভারমুখ নামক স্থানে একটি চক্র সুরমা নদীতে বালুর বস্তা ফেলে বাধঁ নির্মাণ করে পাথর কোয়ারী হতে ট্রাক্টর যোগে পাথর পরিবহণ করে আসছিল। এমন অভিযোগের সত্যতা পেয়ে কানাইঘাট উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অবৈধ এ বাধঁ অপসারণে অভিযান চালানো হয়। অভিযানকালে বিজিবি,পুলিশ ও অনসার সদস্যদের পাশাপাশি উপজেলা ভুমি অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার (ভুমি) তাপস চক্রবর্তী তুষার বলেন,লোভাছড়া পাথর কোয়ারী থেকে অবৈধ ভাবে পাথর পরিবহন বন্ধে স্থানীয় প্রশাসন কঠোর রয়েছে। বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে পাথর বোঝাই ট্রাক্টরগাড়ি আটক করা হয় এবং পাথরগুলো জব্দ করে রাখা হয়েছে। সম্প্রতি চরিপাড়া লোভারমুখ নামক স্থানে সুরমা নদীর উপর একটি চক্র অবৈধ ভাবে বালুর বস্তা ফেলে গাড়ি যাতায়াতের জন্য বাঁধ নির্মাণ করে। খবর পেয়ে আমরা তা অপসারণ করেছি।

সিলেট থেকে আরো পড়ুন