জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের
বার্তা সিলেট ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রশাসনের বিরোদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনে নির্বাচন কমিশনে নালিশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রবিবার বিকেলে নির্বাচন কমিশনে গিয়ে এ অভিযোগ দেয়া হয়। দলটির অভিযোগ,রাজধানীসহ বিভিন্ন জায়গায় তাদের নারী কর্মীদের হেনস্তা করা হচ্ছে। দলের নেতাকর্মীদের ওপর হামলা হচ্ছে। এসব বিষয়ে বারবার অভিযোগ করা হলেও দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না।
রোববার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের সঙ্গে জামায়াতে ইসলামীর প্রতিনিধিদলে বৈঠকে এসব অভিযোগ জানানো হয়। বৈঠক শেষে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন,দেশের বিভিন্ন জায়গায় বিশেষ করে ঢাকা-১৫ আসনে যেখানে জামায়াতে ইসলামীর আমির প্রতিদ্বন্দ্বিতা করছেন, সেখানে নিয়মিত সন্ত্রাসী কর্মকাণ্ড হচ্ছে। নারীদের ওপর হামলা হচ্ছে, তাঁদের হেনস্তা করা হচ্ছে। তাঁরা আগেও এসব বিষয়ে স্থানীয় রিটার্নিং কর্মকর্তা ও ইসিকে বলেছেন। কিন্তু দৃশ্যমান কোনো উন্নতি দেখা যাচ্ছে না।
জামায়াত নেতা বলেন,পটুয়াখালি, পাবনাসহ বিভিন্ন স্থানে পরপর অনেকগুলো ঘটনা ঘটেছে। স্থানীয় প্রশাসনের যাঁরা দায়িত্বে আছেন, তাঁরা সেখানে পক্ষপাতদুষ্ট আচরণ করছেন।যাঁরা এ ধরনের আচরণ করছেন, তাঁদের বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য বলেছে জামায়াত।এহসানুল মাহবুব জুবায়ের বলেন, নির্বাচনের আর কয়েকটা দিন বাকি আছে। এ ধরনের আচরণে জনমনে বিভ্রান্তি তৈরি হবে। একটি সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন হওয়ার ক্ষেত্রে বড় ধরনের অন্তরায় হবে।
রাজনীতি থেকে আরো পড়ুন
