আন্তর্জাতিক

কোরআন তেলাওয়াত অবস্থায় ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যা : মোজতবা খামেনি

প্রকাশ: ১৩ মার্চ ২০২৬ ০৮:৫৯

ছবি : সংগ্রীহিত

 

বার্তা সিলেট ডেস্ক : পবিত্র আল-কোরআন তেলাওয়াত অবস্থায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যা করা হয়েছে। জাতির উদ্দেশে বৃহস্পতিবার (১২ মার্চ) দেয়া তার প্রথম ভাষণে বলেছেন,ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। তিনি বলেন,আমার বাবাকে (আয়াতুল্লাহ আলি খামেনি) ১০ রমজানে পবিত্র কোরআন তেলাওয়াতরত অবস্থায় হত্যা করা হয়েছে। এ সময় মোজতবা খামেনি তার বাবার হত্যাকণ্ডকে ‘শাহাদাত’ আখ্যা দিয়ে বলেন,এই ঘটনাটি এমন সময়ে ঘটেছে,যখন এই অঞ্চলে উত্তেজনা এবং যুদ্ধ ক্রমশ বৃদ্ধি পাচ্ছিল। তবে,এমন পরিস্থিতিতেও তিনি তার সুদৃঢ় লক্ষ্যের কথা সকলকে স্মরণ করিয়ে দিয়ে বলেন, ইরান তার প্রতিবেশী দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে হামলা অব্যাহত রাখবে। সেই সাথে তিনি হরমুজ প্রণালী অবরোধ অব্যাহত রাখার কথাও বলেন।

মোজতবা খামেনি বলেন,স্কুলের শিশুসহ শহীদ সকল শিশুর রক্তের প্রতিশোধ নেয়ার জন্য ইরানের এখনো হরমুজ প্রণালী বন্ধ রাখার কৌশল অবলম্বন করা উচিত। তিনি আরো বলেন,প্রতিবেশী দেশগুলোর সাথে ইরানের ‘বন্ধুত্বের’ নীতি রয়েছে,তবে তিনি দেশগুলোকে তাদের ভূখণ্ডে থাকা মার্কিন ঘাঁটিগুলো বন্ধ করার পরামর্শ দিয়েছেন। তিনি সতর্ক করে বলেন,ইরান ওই ঘাঁটিগুলোতে হামলা অব্যাহত রাখবে। সর্বোচ্চ নেতা হওয়ার পর এটিই মোজতবা খামেনি প্রথম ভাষণ। ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা শুরুর প্রথম দিনেই নিহত হন তার বাবা আয়াতুল্লাহ আলি খামেনি। পরে সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত হন মোজতবা খামেনি। ওই হামলায় মোজতবা খামেনিও আহত হন। তবে এর বেশি বিস্তারিত জানা যায়নি। গত ৮ মার্চ সর্বোচ্চ নেতা নির্বাচিত হন মোজতবা খামেনি। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর মোজতবা হলেন ইরানের তৃতীয় সুপ্রিম লিডার বা সর্বোচ্চ নেতা। ইরানের সবগুলো নিরাপত্তা বাহিনী তাদের নতুন কমান্ডার ইন চিফের প্রতি ‘শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত’ অনুগত থাকার শপথ নিয়েছে। সূত্র : বিবিসি

 

আন্তর্জাতিক থেকে আরো পড়ুন