৪৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৯।
ষ্টাফ রিপোর্টার : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে প্রায় ৪৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৯। বুধবার দুপুরে উপজেলার আউশকান্দি ইউনিয়নের কিবরিয়া চত্বর বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। র্যাব সূত্রে জানায়,র্যাব-৯ এর সিপিসি-৩,শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে,কিবরিয়া চত্বর এলাকায় শ্যামলী কাউন্টারের সামনে কয়েকজন মাদক ব্যবসায়ী গাঁজা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। খবর পেয়ে র্যাব সদস্যরা ঘটনাস্থলে অভিযান চালায়।
এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরে তাদের সঙ্গে থাকা তিনটি প্লাস্টিকের বস্তা তল্লাশি করে সাদা পলিথিনে মোড়ানো ৪৫.৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন,কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার কালিপুর গ্রামের মৃত হাসন আলী শাহজান সরকারের ছেলে সোহাগ সরকার (৩৫),নরসিংদী জেলার বেলাব উপজেলার ইব্রাহিমপুর গ্রামের মৃত আসাদ মিয়ার ছেলে নবী হোসেন (৩০)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানাগেছে, আটককৃতরা সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিল। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে তাদের নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এখবর নিশ্চিত করেন. র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম সোহাগ।
সিলেট থেকে আরো পড়ুন
