হবিগঞ্জের চারটি চা-বাগানে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু।
হবিগঞ্জ প্রতিনিধি : বকেয়া বেতন,রেশন,পূজার উৎসব বোনাসসহ সাত দফা দাবিতে হবিগঞ্জের চারটি চা-বাগানে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে। আজ সোমবার সকাল থেকে হবিগঞ্জের চুনারুঘাটের দেউন্দি,লালচান,মৃতিঙ্গা ও মাধবপুরের নোয়াপাড়া চা-বাগানে কর্মবিরতি শুরু হয়েছে। চা-শ্রমিকেরা জানান,কয়েক সপ্তাহ ধরে নিয়মিত তলবি (সাপ্তাহিক বেতন) পাচ্ছেন না চারটি বাগানের শ্রমিকেরা। ফলে বাগানের প্রায় পাঁচ হাজার শ্রমিক চরম সংকটে পড়েছেন। পরিবার নিয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন। শ্রমিকদের বেতন,ঈদ বোনাস ও অন্যান্য সুবিধা পরিশোধ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।
ওদিকে,৬ মে বিভাগীয় শ্রম দপ্তর শ্রীমঙ্গলে মালিক,শ্রমিক ও শ্রম অধিদপ্তরের ত্রিপক্ষীয় একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সিদ্ধান্ত হয় দ্রুত শ্রমিকদের সব বকেয়া পরিশোধ করার জন্য। এ ছাড়া বর্ষা শুরুর আগে জরাজীর্ণ ঘর সংস্কার, শ্রম আইন অনুযায়ী চিকিৎসার ব্যবস্থা করা, বকেয়া বেতন,রেশন,প্রভিডেন্ট ফান্ড ও সাপ্তাহিক তলব দেওয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু মালিকপক্ষ কথা রাখেনি। দেউন্দি কোম্পানির চারটি বাগানের শ্রমিকেরা আজ সকাল থেকে কর্মবিরতি শুরু করেছেন। শ্রমিকেরা বাগান ও ফ্যাক্টরিতে না গিয়ে নাট্যমন্দিরে অবস্থান নিয়েছেন। এ ব্যাপারে দেউন্দি চা-বাগানের পঞ্চায়েত কমিটির সভাপতি আপন সাঁওতাল বলেন,দেউন্দি কোম্পানির অধীনে চারটি বাগান রয়েছে। দীর্ঘদিন ধরে চা-শ্রমিকেরা অবহেলিত। মালিকপক্ষ দীর্ঘদিন যাবৎ শুধু সব সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে যাচ্ছেন। কিন্তু কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। এমনকি ৬ মে শ্রীমঙ্গলে সভার সিদ্ধান্তও তাঁরা বাস্তবায়ন করেননি। তাই বাধ্য হয়ে শ্রমিকেরা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে। আমাদের সাত দফা দাবি না মানা পর্যন্ত কর্মবিরতি চলবে।
সিলেট থেকে আরো পড়ুন
