সিলেট

হবিগঞ্জে চার গ্রামের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

প্রকাশ: ০১ জুন ২০২৬ ০৪:২৪

 

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ সদরের লস্করপুর ইউনিয়নে চার গ্রামের লোকজনের সংঘর্ষে অর্ধশতাধিক মানুষ আহত হয়েছে।পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে ছয়জনকে আটক করা হয়েছে। রবিবার রাতে উপজেলার বনদক্ষিণ,সুলতানশী, চরহামুয়া ও বনগাঁও গ্রামের লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়,রাত ১০টার দিকে বনদক্ষিণ গ্রামের এক যুবককে মাদক সেবনের অভিযোগে চরহামুয়া গ্রামের কয়েকজন আটক করে রাখে। এ খবর ছড়িয়ে পড়লে উভয় পক্ষের লোকজন ঘটনাস্থলে জড়ো হন। এরপর বনদক্ষিণ ও চরহামুয়া গ্রামের লোকজনের মধ্যে প্রথমে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী অন্যান্য গ্রামেও।

পরে বনদক্ষিণ ও সুলতানশী গ্রামের লোকজনের সঙ্গে চরহামুয়া ও বনগাঁও গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় তিন ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে উভয় পক্ষের অর্ধশতাধিক মানুষ আহত হন। আহতদের হবিগঞ্জ সদর আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ৩ রাউন্ড টিয়ারশেল ও ৪ রাউন্ড সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি স্বাভাবিক করা হয়। হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন গণমাধ্যমকে বলেন,চার গ্রামের মধ্যে রাতে সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সিলেট থেকে আরো পড়ুন