সিলেট

সিলেটের জকিগঞ্জে সড়কের ইট চুরি,জামায়াত সেক্রেটারিসহ আটক ৬

প্রকাশ: ০৫ মার্চ ২০২৬ ০৮:৪৭

ছবি : সংগ্রীহিত

 

জকিগঞ্জ প্রতিনিধি : সিলেট জেলার জকিগঞ্জ উপজেলায় সরকারি উন্নয়ন প্রকল্পের কোটি টাকার ইট রাতের আঁধারে লোপাট করে নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে স্থানীয় জামায়াত নেতাসহ ৬ জনকে আটক করেছে পুলিশ। আটক জামায়াত নেতা মো. মাহফুজ জকিগঞ্জের কসকনপুর ইউনিয়ন যুব জামায়াতের সেক্রেটারি মর্মে স্থানীয় লোকজন নিশ্চিত করেছে। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়,উপজেলার কসকনপুর ইউনিয়নের আইয়র গ্রামে সরকারি উন্নয়ন প্রকল্পের আওতায় একটি সড়কে ইট সলিংয়ের কাজ চলছে। সম্প্রতি এই সড়কের ১৫ লাখ ইট রাতের আঁধারে উধাও হয়। এমন অভিযোগে বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত আবেদন করেন এলাকার মানুষ।

অভিযোগ সুত্রে প্রকাশ,উপজেলার কসকনকপুর ইউনিয়নের আইয়র বিজিবি ক্যাম্প সড়কটি এইচবিবি হেরিং বন্ডের মাধ্যমে কাজ করা হয়েছিল। সম্প্রতি ওই সড়কে সরকারি উদ্যোগে মাটি কাটা হবে এমন সংবাদে প্রায় আড়াই কিলোমিটার সড়কের ইট রাতের আঁধারে তুলে নেয়া হয়। এলাকাবাসীর পক্ষে আবু ইউসুফ মোহাম্মদ তাজুল এ অভিযোগটি দাখিল করেন। তিনি আবেদনে উল্লেখ করেন “সরকারি অর্থে ক্রয়কৃত নির্মাণসামগ্রী যদি এভাবে লুটপাট হয়,তাহলে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে বাধাগ্রস্থ হবে। সড়কের ইট তুলে নিয়ে জামায়াত নেতা মাহফুজের বাড়ির সামনে স্তুপ করে রাখা হয়েছে। উপজেলা প্রশাসনের তদন্তে তার সত্যতাও মিলেছে। প্রাথমিক সত্যতা পাওয়ার পর বৃহস্পতিবার পুলিশ মাহফুজসহ ৬ জনকে আটক করে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান বলেন,আজ টাস্কফোর্স অভিযানের মাধ্যমে বেশ কিছু সরকারি ইট উদ্ধার করা হয়েছে। উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে। অভিযানে পুলিশ,বিজিবি,আনসার সদস্য ছাড়াও পানি উন্নয়ন বোডের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন। তিনি বলেন,সরকারি ইট লুটপাটের সাথে জড়িত ৬ জনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে নিয়মিত মামলার প্রস্তুতি চলছে। এনিয়ে কসকনপুর ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক ছয়েফ উদ্দিন গণমাধ্যমকে বলেন,শুনেছি ইউপি সদস্যের কথায় সড়কের ইট তুলে নেয়া হয়েছে। ইউপি সদস্য ও মাহফুজের বাড়ি পাশাপাশি রয়েছে। ওদিকে,উন্নয়ন প্রকল্পে ব্যবহৃত ইট লোপাটের ঘটনায় সর্বত্র তোলপাড় শুরু হয়েছে। চাঞ্চল্যকর ঘটনায় জড়িতদের বিরোদ্ধ কঠোর আইনানোগ ব্যবস্থা নেয়ার দাবি জানানো হয়েছে।

সিলেট থেকে আরো পড়ুন